ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬

পদ্মভূষণজয়ী অলকা ইয়াগনিক কত সম্পদের মালিক

পদ্মভূষণজয়ী অলকা ইয়াগনিক কত সম্পদের মালিক
×

অলকা ইয়াগনিক। ছবি: ইন্সটাগ্রাম

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ১৯:০৫ | আপডেট: ২৪ জুন ২০২৬ | ১৯:১২

ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণ লাভ করেছেন ভারতের নন্দিত কণ্ঠশিল্পী অলকা ইয়াগনিক। ২৩ জুন ভারতের দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার হাতে এই সম্মাননা তুলে দেন। এই সম্মাননা পাওয়ার পর আলোচনায় এসেছে শিল্পীর শারীরিক অসুস্থতা, বিলাসবহুল জীবন ও সম্পদের বিষয়। তার সংগীতজীবনের সাফল্য এবং আর্থিক অর্জন আজও ভক্তদের বিস্মিত করে।

সম্মাননা গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় অলকা জানান, স্বাস্থ্যগত সমস্যার কারণে তিনি দীর্ঘদিন জনসমক্ষে খুব একটা আসেননি।

সামাজিক মাধ্যমে অলকা ইয়াগনিক লেখেন, ‘প্রায় দুই বছর ধরে আমি জনসমক্ষে খুব একটা আসিনি। শারীরিক সমস্যার কারণে নিজেকে আড়ালে রেখেছিলাম এবং ব্যক্তিগত এই লড়াই নিয়ে খুব বেশি কথা বলিনি। আপনারা জানেন, আমি জীবনের এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। কিন্তু এই সময়ে অনুরাগীদের ভালবাসা, প্রার্থনা এবং শুভেচ্ছাই আমাকে প্রতিদিন এগিয়ে যাওয়ার শক্তি দিয়েছে।’

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার হাতে এই সম্মাননা তুলে দেন। ছবি: ইন্সটাগ্রাম

চার দশকের সংগীতজীবন
১৯৮৩ সালে সংগীতজগতে যাত্রা শুরু করেন অলকা ইয়াগনিক। গত চার দশকে তিনি হিন্দিসহ বিভিন্ন ভারতীয় ভাষায় ৮ হাজারেরও বেশি গান রেকর্ড করেছেন। নব্বইয়ের দশক থেকে শুরু করে দুই হাজারের দশক পর্যন্ত অসংখ্য সুপারহিট গানে কণ্ঠ দিয়ে তিনি ভারতীয় সংগীতের অন্যতম সফল শিল্পীতে পরিণত হয়েছেন।

কত সম্পদের মালিক অলকা?
বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, অলকা ইয়াগনিকের মোট সম্পদের পরিমাণ প্রায় ৪৫ থেকে ৫০ কোটি রুপি। ভারতের ধনী নারী প্লেব্যাক গায়িকাদের তালিকায়ও তার নাম উল্লেখযোগ্যভাবে রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ক্যারিয়ারের শীর্ষ সময়ে একটি গানে কণ্ঠ দেওয়ার জন্য অলকা প্রায় ১২ লাখ রুপি পারিশ্রমিক নিতেন। তার সর্বশেষ আলোচিত গানগুলোর মধ্যে রয়েছে ‘গদর ২’ সিনেমা ‘উড় যা কালে’। শুধু গান নয়, বিভিন্ন রিয়েলিটি শোতে বিচারকের দায়িত্ব পালন এবং বিজ্ঞাপন থেকেও উল্লেখযোগ্য আয় করেছেন তিনি। কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ব্র্যান্ড প্রচার ও বিজ্ঞাপন থেকে তিনি প্রায় ১৬ লাখ রুপি পর্যন্ত আয় করতেন।

মুম্বাইয়ে কোটি টাকার বিলাসবহুল ফ্ল্যাট
চলতি বছরের এপ্রিল মাসে অলকা ইয়াগনিক ও তার মেয়ে সায়েশা কাপুর মুম্বাইয়ের আন্ধেরি পশ্চিমে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন। প্রায় ১১ কোটি ৫০ লাখ রুপি মূল্যের এই ফ্ল্যাটটি ২ হাজার ২৯৭ বর্গফুট আয়তনের। ফ্ল্যাটটি অবস্থিত মুম্বাইয়ের অভিজাত আবাসন প্রকল্প ওবেরয় স্কাই হাইটস-এ, যেখানে অলকা আগে থেকেই বসবাস করতেন। রিয়েল এস্টেট ও শেয়ারবাজারেও তার উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে, যা থেকে নিয়মিত ভালো আয় আসে।

অলকা ইয়াগনিক। ছবি: ইন্সটাগ্রাম

গ্যারেজে বিলাসবহুল গাড়ি
গান ও বিনিয়োগের আয়ে গড়া সম্পদের প্রতিফলন দেখা যায় তার গাড়ির সংগ্রহেও। কয়েক বছর আগে তিনি একটি বিলাসবহুল মার্সিডিজ বেঞ্জ জিএলই কিনেছেন। ভারতের বাজারে গাড়িটির সর্বোচ্চ সংস্করণের মূল্য প্রায় ১ কোটি ৬৪ লাখ রুপি। এছাড়া তার সংগ্রহে একটি রেঞ্জ রোভারও রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্যগত লড়াই
২০২৪ সালে সামাজিক মাধ্যমে এক পোস্টে অলকা ইয়াগনিক জানান, তিনি একটি বিরল শ্রবণজনিত সমস্যায় ভুগছেন। এ কারণেই গত কিছু সময় ধরে তাকে সংগীতাঙ্গন ও জনসমক্ষে তুলনামূলক কম দেখা গেছে।

তবে দীর্ঘ ক্যারিয়ার, অসংখ্য জনপ্রিয় গান, কোটি টাকার সম্পদ এবং সর্বশেষ পদ্মভূষণ সম্মাননা—সব মিলিয়ে অলকা ইয়াগনিক এখনও ভারতীয় সংগীত জগতের অন্যতম উজ্জ্বল নাম। সূত্র: এনডিটিভি

আরও পড়ুন

×