ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত
অনুপম রয়। ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ১৫:৫৬ | আপডেট: ২৫ জুন ২০২৬ | ১৭:০০
ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া পশ্চিমবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায় ও তাঁর ব্যান্ডের বহুল প্রতীক্ষিত কনসার্ট শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। আগামী ২৬ জুন রাজধানীতে আয়োজনটির মঞ্চায়নের কথা থাকলেও অনুষ্ঠান শুরুর মাত্র একদিন আগে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ইয়ামাহা মিউজিক বাংলাদেশ বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, প্রয়োজনীয় প্রস্তুতি ও আনুষ্ঠানিকতার কাজ সম্পন্ন করা হয়েছিল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিও পাওয়া গিয়েছিল। তবে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপাতত অনুষ্ঠানটি স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই কনসার্টটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে কনসার্টের নতুন তারিখ ঘোষণার চেষ্টা করা হবে। নতুন তারিখ নির্ধারণ করা সম্ভব না হলে টিকিটধারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানানো হবে। পাশাপাশি যেসব দর্শক টিকিটের মূল্য ফেরত নিতে চান, তাদের জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হবে।
এদিকে কনসার্ট স্থগিত হওয়ার খবর নিশ্চিত করেছেন অনুপম রায় নিজেও। তিনি জানান, বৃহস্পতিবার সকালে আয়োজকদের কাছ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। আকস্মিক এই সিদ্ধান্তে তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং দ্রুতই নতুন তারিখ নির্ধারণের আশাবাদ ব্যক্ত করেছেন।
রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ওয়ান ট্রু সাউন্ড’ শিরোনামে কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সিলট টির পৃষ্ঠপোষকতায় ইয়ামাহা মিউজিক বাংলাদেশ, ও ট্রিপল টাইম কমিউনিকেশনসের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অনুপম রায় ও তাঁর ব্যান্ডের পাশাপাশি দেশের জনপ্রিয় সংগীতদল বেঙ্গল সিম্ফনিরও পরিবেশনায় অংশ নেওয়ার কথা ছিল।
