কাঙালিনী সুফিয়ার পাশে এবিজি ফাউন্ডেশন
বাউল শিল্পী কাঙালিনী সুফিয়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ২০:২৯ | আপডেট: ২৫ জুন ২০২৬ | ২০:৩০
অর্থাভাবে চিকিৎসা করাতে না পারা দেশের খ্যাতিমান বাউল শিল্পী কাঙালিনী সুফিয়ার পাশে দাঁড়িয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন (এবিজি ফাউন্ডেশন)। শিল্পীর চিকিৎসা ব্যয় বহনের পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতার দায়িত্বও নিয়েছে প্রতিষ্ঠানটি।
গত বুধবার সন্ধ্যায় রাজবাড়ীর কল্যাণপুর আশ্রয়ণ প্রকল্পে অবস্থিত সুফিয়া একাডেমিতে কাঙালিনী সুফিয়ার হাতে এক লাখ টাকা অর্থ সহায়তা তুলে দেন এবিজি ফাউন্ডেশনের চিফ কো-অর্ডিনেটর মো. আমিনুল ইসলাম। এ সময় ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর মো. আমির হোসেন মিয়া উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন ধরে অসুস্থ কাঙালিনী সুফিয়ার চিকিৎসা অর্থসংকটের কারণে ব্যাহত হচ্ছিল। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তার পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় এবিজি ফাউন্ডেশন।
সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে কাঙালিনী সুফিয়া বলেন, অনেকদিন ধরেই অসুস্থ আছি। চিকিৎসার অভাবে কোথাও যেতে পারছি না। আমার ডান হাতও ভাঙা। এই কঠিন সময়ে চিকিৎসার জন্য সহযোগিতা করায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের প্রতি আমি কৃতজ্ঞ।
কাঙালিনী সুফিয়ার মেয়ে পুষ্প জানান, মায়ের হাত ভাঙার পর টাকার অভাবে ভালো কোনো চিকিৎসকের কাছে নিতে পারিনি। তবে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের পক্ষ থেকে এক লাখ টাকা সহায়তা পেয়েছি। পাশাপাশি তার প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থাও করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
গত ১১ জুন রাজবাড়ীতে নিজ বাসার বাথরুমে মাথা ঘুরে পড়ে গিয়ে আহত হন কাঙালিনী সুফিয়া। এরপর তার ডান হাত ভেঙে যায়। অর্থাভাবে উন্নত চিকিৎসা করাতে না পারায় তার চিকিৎসা কার্যক্রমও দীর্ঘদিন ধরে বন্ধ ছিল।
- বিষয় :
- বাউল শিল্পী
- অর্থ সাহায্য
