শুভেচ্ছায় ভাসছেন বাবা-ছেলে, ধন্যবাদ জানালেন অপূর্ব
জিয়াউল ফারুক অপূর্ব ও তার ছেলে জায়ান ফারুক আয়াশ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২৬ | ১৬:০৪ | আপডেট: ২৭ জুন ২০২৬ | ১৬:১১
দেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর জন্য ২৭ জুন দিনটি শুধু তাঁর জন্মদিন নয়, বরং দ্বিগুণ আনন্দের উপলক্ষ। কারণ, এই একই দিনে তার একমাত্র ছেলে জায়ান ফারুক আয়াশেরও জন্মদিন।
১৯৮৫ সালের ২৭ জুন জন্মগ্রহণ করা অপূর্ব এবার ৪১ বছর পূর্ণ করে ৪২ বছরে পা রাখলেন। আর প্রতি বছরের মতো এবারও একই দিনে বাবা-ছেলের জন্মদিন উদযাপনের আনন্দ ভাগ করে নিচ্ছেন তারা।
বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত, সহশিল্পী, নির্মাতা ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এই অভিনেতা। অনেকে অপূর্বর সঙ্গে তোলা স্মরণীয় ছবি প্রকাশ করে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেছেন।

বাবা ও ছেলের জন্মদিনে দুজনের ছবি পোস্ট করে অপূর্ব রিখেছেন, ‘জন্মদিনের সুন্দর শুভেচ্ছাগুলোর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।’
অপূর্বর শোবিজে পথচলা শুরু হয় ২০০২ সালে ‘ইউ গট দ্য লুকস’ প্রতিযোগিতায় ‘মি. বাংলাদেশ’ নির্বাচিত হওয়ার মাধ্যমে। এরপর অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত একটি বিজ্ঞাপনে কাজ করে দর্শকদের নজরে আসেন। ২০০৬ সালে গাজী রাকায়েত পরিচালিত ‘বৈবাহিক’ নাটকের মাধ্যমে অভিনয়ে আনুষ্ঠানিক অভিষেক ঘটে তার।
দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি। বিশেষ করে ২০১৭ সালে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘বড় ছেলে’ নাটকে মধ্যবিত্ত এক তরুণের চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন।

নাটকের পাশাপাশি ওটিটি ও সিনেমায় নিজেকে প্রমাণ করেছেন এই অভিনেতা। ওপার বাংলার সিনেমাতেও নাম লিখিয়েছেন।
সম্প্রতি মুক্তি পেয়েছে অপূর্বর অভিনীত ওয়েবফিল্ম ‘হেডলাইন’। রহস্য ও থ্রিলারধর্মী এই ওয়েবফিল্মে তার সঙ্গে অভিনয় করেছেন ইয়াশ রোহান, সারিকা সাবরিন ও চঞ্চল চৌধুরী। মুক্তির পর থেকেই এটি দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে।
- বিষয় :
- জিয়াউল ফারুক অপূর্ব
