স্বামী-স্ত্রীর ভিন্নমত ঘিরে জন্ম নেয় নতুন সব ঘটনা
মারিয়া শান্ত ও নিলয় আলমগীর
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ১৩:৫১ | আপডেট: ২৮ জুন ২০২৬ | ১৪:০০
অভিনয়ে প্রতিনিয়ত নিজেকে ভেঙে নতুন সব চরিত্র পর্দায় তুলে ধরতে চান মডেল ও অভিনেত্রী মারিয়া শান্ত। সেই ভাবনা থেকে অভিনয়ের জন্য এবার বেছে নিয়েছেন ভালোবাসা ও দাম্পত্যের নতুন এক গল্প। নাটকের নাম ‘মনের মতো বউ’। এ নাটকের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে মারিয়াকে। তাঁর বিপরীতে দেখা যাবে তারকা অভিনেতা নিলয় আলমগীরকে।
গুরুত্বপূর্ণ আরও দুটি চরিত্রে অভিনয় করেছেন এজাজুল ইসলাম ও শামীমা নাজনীন। সাইফুল ইসলামের কাহিনি নিয়ে নাটকটি পরিচালনা করেছেন মিতুল খান।
এর আগে ‘হঠাৎ কোটিপতি’, ‘কঞ্জুস কাপল-২’, ‘বিয়ে করে ভুল করেছি’, ‘সুইট প্রেমিক’, ‘কোটি টাকার চেয়ারম্যান’সহ আরও কিছু একক নাটক নির্মাণ করে দর্শক মনোযোগ কেড়েছিলেন এই নির্মাতা। সে কারণে এবার তাঁর নির্দেশনায় ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন বলে জানান মারিয়া শান্ত।
অভিনেত্রীর কথায়, বিয়ের মধ্য দিয়ে শুরু হয় জীবনের নতুন অধ্যায়। দাম্পত্যের সেই অধ্যায়গুলো ঘটনাবহুল হয়ে ওঠে স্বামী-স্ত্রীর ভিন্নমতকে ঘিরে; যার পরিপ্রেক্ষিতে প্রতিনিয়ত জন্ম নেয় নতুন সব ঘটনা।

‘মনের মতো বউ’ তেমনই এক গল্পের নাটক; যেখানে দর্শক চেনা মুখ আর চলমান জীবনধারাকে নতুনভাবে দেখার সুযোগ পাবেন। গল্প, চরিত্র, নির্মাণ–সব মিলয়ে নাটকটি দর্শকের মনে ছাপ ফেলবে বলেও আশা প্রকাশ করেছেন মারিয়া শান্ত।
এদিকে ‘মনের মতো বউ’-এর পাশাপাশি আরও বেশ কিছু ভিন্ন ধাঁচের গল্প ও চরিত্রে নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন মারিয়া শান্ত। চলতি বছর ‘বোবা কান্না’, ‘শুধু কবিতার জন্য’, ‘বায়ান্ন পাতার প্রেম’, ‘সুখবিলাশ’, ‘সানগ্লাস’সহ আরও বেশ কিছু নাটকে অভিনয় করে দর্শক মনোযোগ কেড়েছেন এই অভিনেত্রী।
এইভাবে দর্শক প্রশংসায় ভেসেছেন রায়হান রাফী পরিচালিত ‘প্রেসার কুকার’ সিনেমায় অনবদ্য অভিনয় দিয়ে। সেই সুবাদে ছোটপর্দার পাশাপাশি সিনেমা দর্শকের কাছে আলাদাভাবে পরিচিতি গড়ে উঠেছে এই মডেল ও অভিনেত্রীর।
- বিষয় :
- নিলয় আলমগীর
- মারিয়া শান্ত
