ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

বানসালির সেটে বারবার কেন শ্রমিকের মৃত্যু হচ্ছে, প্রশ্ন এআইসিডব্লিউর

বানসালির সেটে বারবার কেন শ্রমিকের মৃত্যু হচ্ছে, প্রশ্ন এআইসিডব্লিউর
×

সঞ্জয় লীলা বানসালি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ১৪:৩৪ | আপডেট: ২৮ জুন ২০২৬ | ১৪:৩৬

বলিউড নির্মাতা সঞ্জয় লীলা বানসালির নতুন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’–এর শুটিং সেটে এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় নতুন করে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় বনসালির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে অল ইন্ডিয়ান সিনেমা ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির দাবি, পরিচালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে হত্যার অভিযোগে মামলা করা হোক।

গত ১৭ জুন গভীর রাতে মুম্বাইয়ের ফিল্ম সিটির কাছে রয়্যাল পাম্প স্টুডিওতে সিনেমাটির শুটিং চলাকালে ৪২ বছর বয়সী কার্পেন্টার চন্দ্রধারী সিং যাদবের মৃত্যু হয়।

ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। তবে এআইসিডব্লিউএর সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত এ ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন।

তার দাবি, সেটের একটি কাঠামো বা ছাদের অংশ ভেঙে পড়ার কারণেই দুর্ঘটনাটি ঘটে। এতে আরও কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। ঘটনার প্রকৃত কারণ জানতে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে সংগঠনটি।

নিহত চন্দ্রধারী সিং যাদবের পরিবারে স্ত্রী ও দুই কন্যাসন্তান রয়েছে। তাঁদের জন্য এক কোটি রুপি ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানিয়েছে এআইসিডব্লিউএ।

সংগঠনের পক্ষ থেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের কাছে পাঠানো এক চিঠিতে সুরেশ গুপ্ত অভিযোগ করেন, শুটিং সেটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এই প্রাণহানি ঘটেছে। তাই বনসালির বিরুদ্ধে এফআইআর দায়েরের পাশাপাশি কঠোর আইনি ব্যবস্থা নেওয়া উচিত।

ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামাকে দেওয়া বক্তব্যে সুরেশ গুপ্ত বলেন, ‘১৭ জুন সঞ্জয় লীলা বানসালির ছবির সেটে আমাদের একজন শ্রমিক মারা গেছেন। তিনি বড় প্রযোজক ও পরিচালক হলেও তার প্রোডাকশন ইউনিটের গাফিলতির কারণেই এই মৃত্যু হয়েছে। যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হলে আজ এই ঘটনা ঘটতো না।’

তিনি আরও অভিযোগ করেন, বনসালির সেটে এটি প্রথম দুর্ঘটনা নয়। ‘দেবদাস’ সিনেমার শুটিংয়ের সময় নিরাপত্তার ঘাটতির কারণে দুজন শ্রমিক প্রাণ হারান। পরে ‘পদ্মাবত’–এর শুটিংয়েও আরেক শ্রমিকের মৃত্যু হয়। আর এবার ‘লাভ অ্যান্ড ওয়ার’–এর সেটে আরও একজনের প্রাণহানি ঘটল। সব মিলিয়ে বনসালির সিনেমার সেটে চারজন শ্রমিকের মৃত্যুর অভিযোগ তুলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

সুরেশ গুপ্ত বলেন, ‘বারবার শ্রমিকের মৃত্যু হচ্ছে, কিন্তু কোনো শিক্ষা নেওয়া হচ্ছে না। বড় কোনো অভিনেতা বা প্রযোজকের মৃত্যুর খবর শোনা যায় না। প্রাণ হারান শুধু শ্রমিকরাই। কারণ, তাঁদের নিরাপত্তায় প্রয়োজনীয় বিনিয়োগ করা হয় না। তাই আমরা বনসালির বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা এবং কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছি।’

তবে এ ঘটনায় এখন পর্যন্ত সঞ্জয় লীলা বানসালির বা তার প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। একই সঙ্গে তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত দুর্ঘটনার কারণ বা কারও দায় সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোও সম্ভব নয়। বর্তমানে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তাধীন। সূত্র: দ্য ওয়াল

আরও পড়ুন

×