বহুদিনের চাপা পড়ে থাকা এক বিভীষিকাময় গল্পে সিনেমা
কাজী নওশাবা আহমেদ। ছবি: ফেসবুক
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ১৬:১০
কথাসাহিত্যিক সাদাত হাসান মান্টোর আলোচিত ছোটগল্প ‘ঠান্ডা গোশত’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠান্ডা গোশত ২.০’। ছবিটি পরিচালনা ও প্রযোজনা করেছেন শাহ নেওয়াজ খান সিজু এবং সুমাইয়া আরজু মুহু।
রাজধানীর বিভিন্ন স্থানে এর শুটিং শেষ হয়েছে। নির্মাতাদের পরিকল্পনা, কাজ শেষ হলে চলচ্চিত্রটি দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পাঠানোর পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও মুক্তি দেওয়া হবে।
এতে অভিনয় করেছেন কাজী নওশাবা, সুমন আনোয়ার, আনিয়াহ আবদিয়াহ তাসনিম, ফাতেমা তুজ জোহরা ইভা ও সিফাত বন্যা।
নির্মাতাদের ভাষ্য, ‘ঠান্ডা গোশত ২.০’ মান্টোর মূল গল্পের রিমেক বা সরাসরি রূপান্তর নয়।

গল্পে দেখা যাবে, এক মধ্যবিত্ত পরিবারের স্বামী ও বাবার রহস্যময় আচরণের কারণ অনুসন্ধান করতে গিয়ে সামনে আসে বহুদিনের চাপা পড়ে থাকা এক বিভীষিকাময় সত্য। ব্যক্তিগত অপরাধ, তার মানসিক যন্ত্রণা এবং সেই অপরাধের পারিবারিক অভিঘাতই ছবিটির মূল উপজীব্য।
পরিচালক শাহ নেওয়াজ খান সিজু বলেন, ‘‘৭৬ বছর আগে মান্টো অবিভক্ত ভারতবর্ষের যে নির্মম সামাজিক বাস্তবতা ‘ঠান্ডা গোশত’-এ তুলে ধরেছিলেন, দুর্ভাগ্যজনকভাবে সেই বাস্তবতার অনেকটাই আজও রয়ে গেছে। তখন যেমন নারীরা নিরাপদ ছিলেন না, আজও স্বাধীন রাষ্ট্রে সেই নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত হয়নি।’’
- বিষয় :
- কাজী নওশাবা আহমেদ
