বর্ষার আবহে কোক স্টুডিও বাংলার নতুন গান ‘মেঘ’
ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ১৬:২৫ | আপডেট: ২৮ জুন ২০২৬ | ১৬:৩৫
বর্ষার প্রথম আবহকে সঙ্গী করে নতুন গান নিয়ে হাজির হচ্ছে কোক স্টুডিও বাংলা। সিজন ৪-এর নতুন পরিবেশনা ‘মেঘ’ প্রকাশিত হবে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে।
আষাঢ়ের প্রকৃতি, বৃষ্টির প্রতীক্ষা এবং নতুন শুরুর অনুভূতিকে কেন্দ্র করে নির্মিত এই গানটি বাংলা শাস্ত্রীয় সংগীতের ঐতিহ্য ও সমকালীন সুরের এক অনন্য মেলবন্ধন। বর্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা শাস্ত্রীয় রাগ ‘মিয়াঁ কি মালহার’ থেকে অনুপ্রাণিত হয়ে গানটির সুর ও সংগীতায়োজন তৈরি করা হয়েছে।
‘মেঘ’ গানটিতে একসঙ্গে কাজ করেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব এবং শাস্ত্রীয় সংগীতশিল্পী ও সুরকার মোহাম্মদ শোয়েব। তাঁদের সৃজনশীল ভাবনায় গানটিতে ফুটে উঠেছে বর্ষাকে ঘিরে মানুষের প্রতীক্ষা, প্রকৃতির পুনর্জাগরণ এবং জীবনের নতুন সম্ভাবনার গল্প।

গানটির আরেকটি উল্লেখযোগ্য দিক হলো বাংলা সংস্কৃতির চিরায়ত উপাদানকে আধুনিক আঙ্গিকে উপস্থাপন করা। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য থেকে অনুপ্রেরণা নিয়ে, সমকালীন স্পোকেন ওয়ার্ডের সংযোজনে ‘মেঘ’ পরিচিত অনুভূতিকে নতুন ভাষা ও নতুন মাত্রা দিয়েছে। একই সঙ্গে আধুনিক সংগীতায়োজন, সমকালীন কণ্ঠ এবং শাস্ত্রীয় সংগীতের আবেগের সমন্বয় গানটিকে করেছে আরও ব্যতিক্রমী।
গানটিতে কণ্ঠ দিয়েছেন মাশা ইসলাম, মোহাম্মদ শোয়েব ও মৌসুমি। শাস্ত্রীয় সংগীত, সমকালীন সাউন্ড এবং আধুনিক সংগীতায়োজনের সংমিশ্রণে তৈরি এই পরিবেশনা কোক স্টুডিও বাংলার সেই ধারাবাহিক প্রচেষ্টারই অংশ, যার মাধ্যমে স্থানীয় সংগীত ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে নতুনভাবে তুলে ধরা হচ্ছে।
বাংলা সাহিত্য, সংগীত ও সংস্কৃতিতে বর্ষা চিরকালই অনুপ্রেরণার এক গভীর উৎস। সেই ঐতিহ্যকে আধুনিক সংগীতের ভাষায় নতুনভাবে ব্যাখ্যা করেছে ‘মেঘ’। শাস্ত্রীয় প্রভাব, সমকালীন সুর এবং কাব্যিক আবহের মিশেলে গানটি শ্রোতাদের জন্য বর্ষাকে নতুনভাবে অনুভব করার এক অনন্য সংগীত-অভিজ্ঞতা হয়ে উঠবে বলেই প্রত্যাশা।
- বিষয় :
- কোক স্টুডিও বাংলা
