ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

এবার কাজান উৎসবে ‘প্রিন্সেস রোজী’

এবার কাজান উৎসবে ‘প্রিন্সেস রোজী’
×

‘প্রিন্সেস রোজী’ চরিত্রে আশনা হাবিব ভাবনা

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০২৬ | ২০:২৭ | আপডেট: ৩০ জুন ২০২৬ | ২০:৩৭

৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর এবার  রাশিয়ার ২২তম কাজান উৎসবে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র ‘কিং: ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’। আগামী ৪ থেকে ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এই উৎসব। সিনেমাটি পরিচালনা করেছেন আসিফ ইসলাম। 

‘কিং: ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ উৎসবের রাশিয়া–ইসলামিক ওয়ার্ল্ড বিভাগে প্রদর্শিত হবে। একই সঙ্গে ‘ফর কালচারাল ডায়লগ ইন দ্য ইসলামিক ওয়ার্ল্ড পুরস্কারের জন্যও প্রতিযোগিতা করবে বলে জানা গেছে।

জানা গেছে, বাংলার ঐতিহ্যবাহী যাত্রাশিল্পের সংকট ও বাস্তবতা নিয়ে চলচ্চিত্রটি নির্মিত, যেখানে দর্শকের চাহিদার চাপে ‘প্রিন্সেস’ নামে এক নৃত্যশিল্পী মঞ্চের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। সমাজের পরিবর্তিত রুচি ও বিনোদনের চাহিদাকে প্রতিফলিত করাই এই সিনেমার মূল উপজীব্য। গত বছরের জানুয়ারিতে ফরিদপুর জেলার গোবিন্দপুরে যাত্রার সেট নির্মাণ করে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়।

 সিনেমায় ‘প্রিন্সেস রোজী’ চরিত্রে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। এতে ভাবনা ছাড়া অধিকাংশ অভিনয়শিল্পীই ছিলেন প্রকৃত যাত্রাশিল্পী।

সিনেমার চরিত্র নিয়ে ভাবনা এর আগে সামজিক মাধ্যমে লেখেন, ‘প্রিন্সেস রোজী চরিত্রটি আমার কাছে যখন নির্মাতা আসিফ নিয়ে আসে, আমি প্রথমেই ভাবি এটা আমি কী করে করব? আমি একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী। ছোটবেলা থেকে আমরা যেভাবে নিজের বডি ল্যাঙ্গুয়েজ তৈরি করি, আমাদের কাছে এ রকম নাচ পাপের সমতুল্য।’

শাস্ত্রীয় নৃত্যের ব্যাকগ্রাউন্ড থাকায় এই চরিত্রের নাচ ও অঙ্গভঙ্গি ধারণ করা ভাবনার জন্য ছিল বড় চ্যালেঞ্জ। সেই সঙ্গে ছিল সামাজিক দৃষ্টিভঙ্গির ভয়।

নিজের সেই দ্বিধার কথা জানিয়ে তিনি লেখেন, ‘ তারপর ভাবলাম লোকে কী বলবে? কারণ আমাদের এখানে অভিনেতা যখন একটা চরিত্র হয়, তখন দর্শক তাঁকে সত্যিই সেই মানুষটি ভেবে ফেলে; তার ওপর আবার আমি নারী অভিনেতা। তারপর আমি নিজেকে জিজ্ঞেস করলাম, আমি কী চাই? উত্তর পেলাম আমি চরিত্রটি করতে চাই। তারপর সেই চরিত্র খোঁজার যুদ্ধে আমি আর আসিফ নামলাম।’

উল্লেখ্য, আসিফ ইসলামের আগের চলচ্চিত্র ‘নির্বাণ’ ৪৬তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড অর্জন করেছিল। এবার ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ নিয়ে আবারও সেই মঞ্চে ফিরছেন তিনি—আর সঙ্গে থাকছেন ‘প্রিন্সেস’ ভাবনা।

আরও পড়ুন

×