ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

শিরোনামের আড়ালে ভিন্ন এক ইয়াশ রোহান

শিরোনামের আড়ালে ভিন্ন এক ইয়াশ রোহান
×

ইয়াশ রোহান। ছবি: ফেসবুক

সাদিয়া মুনমুন 

প্রকাশ: ০২ জুলাই ২০২৬ | ১৩:১৭ | আপডেট: ০২ জুলাই ২০২৬ | ১৩:২৪

‘সিনেমা, নাটক, ওয়েব সিরিজ যেটাই হোক, অভিনীত চরিত্র দর্শকের কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠল কিনা– তা নিয়ে আমার যত ভাবনা। অভিনয়ের জন্য তাই মাধ্যমকে বড় বা ছোট করে দেখি না। দেখুন, আমি কী করি,  টেলিভিশন বা ইউটিউবের জন্য নাটকে অভিনয় করি; সিনেমাতেও আমার কাজ একই। ওয়েব দুনিয়ায় পা রাখার পরও তো কাজের ধরন বদলে যায়নি; সেখানেও অভিনয় করে যাচ্ছি। তাই ঘুরে ফিরে আমাকে এটাই ভাবতে হয়, দর্শকের সামনে যা তুলে ধরছি, সেটি তাদের প্রত্যাশা পূরণ করবে কিনা। এজন্য অভিনেতা হিসেবে সবসময় চাই, এমন কিছু গল্প ও চরিত্র পর্দায় তুলে ধরতে, যা দর্শক মনে ছাপ ফেলবে। দেশ, সমাজ কিংবা যাপিত জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে কাঁদাবে-হাসাবে-ভাবাবে।’

অভিনয় ক্যারিয়ার নিয়ে এটাই সোজাসাপ্টা কথা ইয়াশ রোহানের। সে কারণে বেশ সিনেমা, নাটকের পাশাপাশি সাম্প্রতিক সময়ে ওটিটিতে ধারাবাহিকভাবে কাজ করতে দেখা যাচ্ছে। যে চিন্তাধারা নিয়ে ইয়াশের পথচলা, এবার তার প্রতিফলন দেখা গেল ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে সদ্য মুক্তি পাওয়া ‘হেডলাইন’ সিরিজে। যেখানে তাঁর সহশিল্পী হিসেবে ছিলেন জিয়াউল ফারুক অপূর্ব, আফসান আরা বিন্দু, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, অর্নিল বিরলসহ অনেকে। এই সিরিজের গল্পে যেমন ভিন্নতা চোখে পড়েছে, তেমনি নজর কেড়েছে ইয়াশের অভিনয়।

কাহিনির সূত্রপাত একটি পুরোনো খবরের কাগজকে কেন্দ্র করে। তাতে ছাপা অসংখ্য শিরোনাম। সময়ের সঙ্গে যেসব খবর হারিয়ে গেছে পাঠকের স্মৃতি থেকে। এমনই এক পুরোনো কাগজের শিরোনামের আড়ালে লুকিয়ে ছিল এমন এক সত্য, যা অনেক মানুষের জীবন বদলে দেওয়ার মতো। যা আবিষ্কারের পর দুই সাংবাদিক নেমে পড়ে সত্য অনুসন্ধানে। এমনই এক রহস্য, অনুসন্ধান ও পারিবারিক গল্প নিয়ে পরিচালক সালেহ সোবহান অনীম নির্মাণ করেছেন ‘হেডলাইন’ সিরিজটি।

ইয়াশের কথায়, ‘এ ধরনের গল্পে আগে কখনও কাজ করা হয়ে উঠেনি। তাই এই রোমাঞ্চকর গল্প আর সামিউল নামে আনকোরা চরিত্র আমার জন্য একই সঙ্গে ছিল চ্যালেঞ্জিং ও নিজেকে নতুনভাবে তুলে ধরার সম্ভাবনার।’

ইয়াস এও স্বীকার করেছেন যে, সামিউলের মতো চরিত্রের জন্য পুরো ক্যারিয়ারজুড়েই ছিল তাঁর অপেক্ষা। তাই এই সিরিজে কাজের প্রস্তাব পাওয়ার পর তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন অভিনয়ের মধ্য দিয়ে সামিউল হয়ে ওঠার। সেই চেষ্টায় কতটা সফল বা ব্যর্থ– তার বিচারক এখন দর্শক।

শুধু ‘হেডলাইন’ সিরিজ নয়, ইয়াশ রোহান সাম্প্রতিক সময়ে দর্শক প্রশংসা কুড়াচ্ছেন বেশকিছু টিভি নাটকের নতুন সব চরিত্রে অভিনয় দিয়ে। তাঁর অভিনীত ‘ওয়ারিশ’, ‘ঝরা বকুল’, ‘দ্য ফ্যামিলি’, ‘প্রেমের তরী’, ‘অথবা তুমি আমি’সহ আরও বেশ কিছু নাটক সাড়া ফেলেছে দর্শকের মাঝে। তারও আগে শতাধিক নাটক এবং বেশ কিছু সিনেমা ও ওটিটিতে অভিনয় করে সাফল্যকে মুঠোবন্দি করেছেন ইয়াশ রোহান। যে কারণে এখন কেবল দর্শক প্রত্যাশা পূরণ করে যাওয়াই হয়ে উঠেছে তাঁর দায়িত্ব।   

আরও পড়ুন

×