৫ জুলাই আমরা বিয়ে করছি, নিজেই জানালেন আমির খান
ছবি: সংগৃহীত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ | ১৪:৩৩ | আপডেট: ০৩ জুলাই ২০২৬ | ১৪:৩৫
বলিউড সুপারস্টার আমির খান জানালেন, আগামী ৫ জুলাই দীর্ঘদিনের বন্ধু ও সঙ্গী গৌরী স্প্র্যাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তিনি। মুম্বাইয়ে নিজের বাসভবনে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে একেবারে ঘরোয়া আয়োজনেই সম্পন্ন হবে বিয়ের আনুষ্ঠানিকতা।
বৃহস্পতিবার মুম্বাইয়ে ‘‘প্রীতম অ্যান্ড পেড্রো’ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ৬১ বছর বয়সী এই অভিনেতা নিজেই সুখবরটি জানান।
সংবাদ সংস্থা এএনআই-এর বরাতে আমির বলেন, ‘হ্যাঁ, আগামী ৫ জুলাই আমাদের বিয়ে। এটি খুবই ছোট ও পারিবারিক একটি আয়োজন। দুই পরিবারের সদস্যদের নিয়ে বাসাতেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করব।’
জীবনের এই নতুন অধ্যায় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি আরও বলেন, ‘দিনটি আমাদের জন্য খুবই বিশেষ। সবার ভালোবাসা ও আশীর্বাদ চাই। আমাদের নতুন পথচলার জন্য সবাই দোয়া করবেন।’
আমির যখন সাংবাদিকদের সঙ্গে বিয়ের খবরটি ভাগ করে নিচ্ছিলেন, তখন তাঁর বড় ছেলে জুনায়েদ খানও সেখানে উপস্থিত ছিলেন। বাবার ঘোষণা শোনার সময় তাঁকে হাসিমুখে দেখা যায়।
গত বছরের মার্চে নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন আমির। সে সময় সাংবাদিকদের সঙ্গে গৌরীর পরিচয়ও করিয়ে দেন তিনি। আমির জানিয়েছিলেন, তাঁদের পরিচয় প্রায় ২৫ বছরের। দীর্ঘদিনের বন্ধুত্ব থেকেই ধীরে ধীরে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। জানা গেছে, গৌরীর সাত বছর বয়সী একটি ছেলে রয়েছে।
এটি আমির খানের তৃতীয় বিয়ে। ১৯৮৬ সালে তিনি রিনা দত্তকে বিয়ে করেছিলেন। দীর্ঘ ১৬ বছরের সংসারের পর ২০০২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এই দম্পতির দুই সন্তান—জুনায়েদ খান ও ইরা খান।
এরপর ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির। প্রায় ১৫ বছরের দাম্পত্য জীবনের পর ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা দিলেও তাঁদের একমাত্র ছেলে আজাদ রাও খানের সহ-অভিভাবক হিসেবে দুজনই এখনো যৌথভাবে দায়িত্ব পালন করছেন।
গৌরী স্প্র্যাটের সঙ্গে এই বিয়ের মাধ্যমে জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন আমির খান। দীর্ঘদিনের বন্ধুত্বের পরিণতি হিসেবে এই সম্পর্ককে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে যাচ্ছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’, যার সাক্ষী হবে দুই পরিবারের ঘনিষ্ঠজনদের নিয়ে একান্ত পারিবারিক আয়োজন।
- বিষয় :
- আমির খান
