টেইলর সুইফট-ট্র্যাভিস কেলসের বিয়ের গুঞ্জনে সরগরম নিউইয়র্ক
ছবি: বিবিসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ | ১৮:৫৮ | আপডেট: ০৩ জুলাই ২০২৬ | ১৯:০০
বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট ও তার বাগদত্তা, মার্কিন ফুটবল তারকা ট্র্যাভিস কেলসের বিয়ের আনুষ্ঠানিক উদ্যাপন ঘিরে সরগরম হয়ে উঠেছে নিউইয়র্ক। শহরের বিখ্যাত ম্যাডিসন স্কয়ার গার্ডেনে শুক্রবার রাতে জাঁকজমকপূর্ণ আয়োজন হতে পারে বলে জোর গুঞ্জন চলছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি এই তারকা জুটি।
অনেকেই এই আয়োজনকে ‘যুক্তরাষ্ট্রের রাজকীয় বিয়ে’ বলেও আখ্যা দিচ্ছেন। যদিও অনুষ্ঠানটি আদৌ অনুষ্ঠিত হচ্ছে কি না, সেটিও এখনো নিশ্চিত নয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় ম্যাডিসন স্কয়ার গার্ডেনে কালো রঙের একাধিক এসইউভি গাড়ি প্রবেশ করতে দেখা যায়। সাদা তাবুর আড়ালে অতিথিদের নামিয়ে দেওয়া হয়। মার্কিন গণমাধ্যমের ধারণা, এটি ছিল বিয়ের আগের নৈশভোজ বা মহড়ার আয়োজন।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবারের অনুষ্ঠানে প্রায় ১০০ অতিথি উপস্থিত ছিলেন। আর শুক্রবারের মূল উদ্যাপনে এক হাজার পর্যন্ত অতিথি অংশ নিতে পারেন।
নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, এ সপ্তাহান্তে অনুষ্ঠানস্থলসংলগ্ন কয়েকটি সড়ক সাময়িকভাবে বন্ধ রাখার অনুমতির আবেদন করা হয়েছিল। তবে আবেদনকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়নি।
বিয়ের অতিথি তালিকায় পপ তারকা সাব্রিনা কার্পেন্টার, ডুয়া লিপা, সেলেনা গোমেজ এবং এড শিরানের নামও শোনা যাচ্ছে। তবে তাদের উপস্থিতির বিষয়েও এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
সূত্র: বিবিসি
- বিষয় :
- টেইলর সুইফট
- বিয়ে
- নিউইয়র্ক
