ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

ওভারলোড ফেস্টিভ্যালে ৮ রক ব্যান্ড

ওভারলোড ফেস্টিভ্যালে ৮ রক ব্যান্ড
×

কোলাজ সমকাল

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ১৪:২৬

দেশের রকসংগীতের ইতিহাসে অনেক স্মরণীয় কনসার্ট হয়েছে। তবে এমন কিছু আয়োজন থাকে, যেগুলো শুধু একটি কনসার্ট নয়। সংগীতপ্রেমীদের জন্য হয়ে ওঠে এক মিলনমেলা, উৎসব, আর প্রজন্মের সেতুবন্ধ।

আগামী ১০ জুলাই রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের (বিসিএফসিসি) হল অব ফেমে অনুষ্ঠিত হতে যাওয়া ওভারলোড ফেস্টিভ্যাল ২০২৬ ঠিক তেমনই এক অভূতপূর্ব আয়োজন। লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্ট আয়োজিত এই ফেস্টিভ্যালে দেশের আটটি জনপ্রিয় রক ও মেটাল ব্যান্ড অংশ নিচ্ছে। একই মঞ্চে পারফর্ম করবে অর্থহীন, আর্টসেল, ব্ল্যাক, ক্রিপটিক ফেইট, নেমেসিস, পাওয়ারসার্জ, লেভেল ফাইভ এবং রকসল্ট। 

বলা যায়, নব্বইয়ের দশক থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত দেশের রকসংগীতকে যেসব ব্যান্ড নিজেদের গান নিয়ে মঞ্চ মাতিয়েছে, তাদের একটি বড় অংশকেই দেখা যাবে এই আয়োজনে। ফলে এটি শুধু একটি কনসার্ট নয়; বরং দেশের রকসংগীতের অতীত, বর্তমান ও ভবিষ্যতের এক মিলনমেলায় পরিণত হতে যাচ্ছে। একদিনেই যেন সময়ের স্রোত পেরিয়ে পুরোনো আয়োজন আর নতুন তরঙ্গের সঙ্গম ঘটবে। এটাই এই উৎসবের অন্যতম প্রধান টান।

এই আয়োজনের সবচেয়ে আলোচিত বিষয় দুটি ব্যান্ড। আর্টসেল ও অর্থহীন। দীর্ঘদিন ধরেই দুই ব্যান্ডের সদস্য পরিবর্তন, বিরতি ও নতুন পরিকল্পনা নিয়ে ভক্তদের মধ্যে নানা জল্পনা ছিল। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন লাইনআপ নিয়ে একই মঞ্চে উঠছে আর্টসেল ও অর্থহীন। আর্টসেল তাদের নতুন ভোকাল বখতিয়ারকে নিয়ে পারফর্ম করবে, যা তাদের সাউন্ডে এনে দেবে নতুন মাত্রা।

অন্যদিকে দীর্ঘ বিরতির পর নতুন লাইনআপে দর্শকদের সামনে ফিরছে অর্থহীন। যে নামটা শুনলেই পুরোনো দিনের স্মৃতিতে ভেসে ওঠে। এই দুই ব্যান্ডের ফিরে আসা অনেক ভক্তের কাছেই এক আবেগঘন মুহূর্ত।

শুধু আর্টসেল ও অর্থহীন নয়, দীর্ঘদিন পর মঞ্চে ফিরছে ক্রিপটিক ফেইট। ব্যান্ডটির লাইভ পারফরম্যান্স বরাবরই দর্শকদের কাছে বিশেষ আকর্ষণের, তাদের রিফ ও গানের ধ্বনি শ্রোতাদের অন্য এক জগতে নিয়ে যায়। 

ওভারলোড ফেস্টিভ্যালের আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো। এখানে একসঙ্গে পারফর্ম করবে ভিন্ন প্রজন্মের ব্যান্ড। ব্ল্যাক বাংলাদেশের অলটারনেটিভ রকের অন্যতম একটি নাম, যাদের গানে মেলে ভিন্ন স্বাদ ও অভিব্যক্তি। অন্যদিকে নেমেসিস আধুনিক রকধারার গুরুত্বপূর্ণ নাম, প্রজন্মের নতুন শ্রোতাদের কাছে তাদের আবেদন অনন্য।

পাওয়ারসার্জ ও লেভেল ফাইভ দীর্ঘদিন ধরেই হার্ড রক ও মেটাল ঘরানার শ্রোতাদের কাছে জনপ্রিয়। তাদের গিটারের তীব্রতা আর ড্রামের বিট উৎসবের মোড় ঘুরিয়ে দেবে। আবার নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব করছে রকসল্ট, যারা আধুনিক চেনা-অচেনা পরীক্ষা-নিরীক্ষায় মত্ত। ফলে একদিনেই রকের নানা ধারা ও সময়কে উপভোগের সুযোগ মিলবে দর্শকদের।

আয়োজকদের দাবি, ওভারলোড ফেস্টিভ্যালকে শুধু একটি কনসার্ট হিসেবে নয়, পূর্ণাঙ্গ লাইভ মিউজিক অভিজ্ঞতা হিসেবে সাজানো হচ্ছে। থাকবে আধুনিক স্টেজ ডিজাইন, আন্তর্জাতিক মানের সাউন্ড সিস্টেম, উন্নত লাইটিং এবং বড় আকারের ভিজুয়াল প্রোডাকশন। দীর্ঘ সময় ধরে ধারাবাহিক পরিবেশনার মাধ্যমে দর্শকদের জন্য তৈরি করা হয়েছে পূর্ণাঙ্গ এক রক উৎসবের আবহ।

আগামী ১০ জুলাই দুপুর ২টায় দর্শকদের জন্য খুলে দেওয়া হবে ভেন্যুর গেট। দুপুর আড়াইটা থেকে শুরু হবে পরিবেশনা, যা চলবে রাত ১১টা পর্যন্ত।

আয়োজকদের ভাষ্য, কনসার্টকে ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম গেট সেট রক-এ টিকিট বিক্রি শুরু হওয়ার পর থেকেই রকপ্রেমীদের আগ্রহ চোখে পড়ার মতো। সামাজিক মাধ্যমেও কনসার্টটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা। বিশেষ করে আর্টসেল ও অর্থহীনের নতুন লাইনআপের প্রথম লাইভ পারফরম্যান্স দেখার অপেক্ষায় রয়েছেন অসংখ্য ভক্ত। যাদের অনেকের শৈশব-কৈশোর জড়িয়ে আছে এই ব্যান্ডগুলোর গানের সুরে।

আরও পড়ুন

×