ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

ব্রাজিলের বিদায়ে গ্যালারিতে আর্জেন্টিনা সমর্থক মেহজাবীনের উল্লাস 

ব্রাজিলের বিদায়ে গ্যালারিতে আর্জেন্টিনা সমর্থক মেহজাবীনের উল্লাস 
×

ব্রাজিলের পরাজয় নিশ্চিত হওয়ার পর গ্যালারিতে মেহজাবীনের উল্লাস।

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ১৪:৩৫ | আপডেট: ০৬ জুলাই ২০২৬ | ১৪:৩৭

ব্রাজিল সমর্থকদের জন্য রাতটি ছিল হতাশার। তবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সমর্থকদের কাছে সেটি ছিল আনন্দের উপলক্ষ। সেই আনন্দের অন্যতম মুখ হয়ে ওঠেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসে ব্রাজিলের ম্যাচ উপভোগ করেন তিনি। শেষ বাঁশি বাজার পরই উচ্ছ্বাসে মেতে ওঠেন এই অভিনেত্রী।

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচ শুরুর আগ থেকেই সামাজিক মাধ্যমে ব্রাজিলকে ঘিরে রসিকতায় মেতে ছিলেন মেহজাবীন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্টেডিয়াম থেকে তোলা কয়েকটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘ব্রাজিলকে দু-একটা ফুটবলের টিপস দিতে এলাম। আমি কিন্তু আর্জেন্টিনা।’ লাল টপস ও সবুজ স্কার্টে গ্যালারিতে বসা মেহজাবীনের হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকাও, যা ভক্তদের নজর কাড়ে।

ম্যাচ চলাকালেও ছিল তাঁর মজার সব পোস্ট। এক পর্যায়ে তিনি লিখেন, ‘তোমার ফোনের চার্জ যত পার্সেন্ট, মানে ব্রাজিলের হারার চান্স! কমেন্ট দ্য পার্সেন্টেজ।’ পোস্টটি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং ভক্তদের অসংখ্য মন্তব্যে সরগরম হয়ে ওঠে।

ব্রাজিলের বিদায় নিশ্চিত হওয়ার পর গ্যালারিতে দুই হাত উঁচিয়ে উল্লাস করতে দেখা যায় অভিনেত্রীকে। পরে স্টেডিয়ামের বিশাল স্ক্রিনে নরওয়ের জয় এবং ব্রাজিলের বিদায়ের দৃশ্যকে পেছনে রেখে একটি ভিডিও পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন মাত্র দুটি শব্দ-‘বাই বাই ব্রাজিল।’

মেহজাবীনের এসব পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। আর্জেন্টিনা সমর্থকরা তাঁর উচ্ছ্বাসকে উপভোগ করলেও অনেক ব্রাজিল সমর্থক সমালোচনাও করেছেন। তবে ফুটবল বিশ্বে ব্রাজিল-আর্জেন্টিনার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষাপটে এমন খুনসুটি নতুন কিছু নয়। বরং বিশ্বকাপের আবহে সমর্থকদের এই রসিকতাই আবারও সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ম্যাচে ২-১ গোলের জয়ে ইতিহাস গড়ে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে নরওয়ে। অন্যদিকে, শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত ব্রাজিলকে বিদায় নিতে হয়েছে শেষ ষোলো থেকেই।

আরও পড়ুন

×