ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

খেলা নিয়ে অতিরিক্ত ট্রল বা কাউকে হেয় করা বন্ধ করুন: অপূর্ব

খেলা নিয়ে অতিরিক্ত ট্রল বা কাউকে হেয় করা বন্ধ করুন: অপূর্ব
×

জিয়াউল ফারুক অপূর্ব। ছবি: ফেসবুক

আনন্দ প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬ | ১৩:৫৮ | আপডেট: ০৭ জুলাই ২০২৬ | ১৮:৫১

বিশ্বকাপ থেকে ব্রাজিল বাদ পরায় কুষ্টিয়ায় এক তরুণের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পরিবারের দাবি, প্রিয় দলের পরাজয় এবং তা নিয়ে কটাক্ষ সহ্য করতে না পেরে ওই তরুণ আত্মহত্যা করেছেন। বিষয়টি নিয়ে গভীর শোক প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

নিজেও ব্রাজিলের সমর্থক হওয়ায় ঘটনাটি অপূর্বকে নাড়া দিয়েছে। মঙ্গলবার নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি খেলাকে বিনোদনের জায়গায় রাখার আহ্বান জানান এবং জীবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলেন।

অপূর্ব লিখেছেন, ‘ব্রাজিল হারায় কুষ্টিয়ার একটা ছেলে সুইসাইড করেছে, রেখে গেছে দুই মাসের শিশুসন্তান। এই নিউজটা দেখে ভীষণ কষ্ট পেয়েছি। আপনারা খেলাকে বিনোদন হিসেবে নিন। এখানে হার জিত থাকবেই। প্রিয় দল জিতলে ভালো লাগবে, হারলে খারাপ লাগবে। তবে সেটা জীবনের থেকে যেন বড় না হয়। কারণ দিনশেষে এটা শুধু একটা খেলা।’

খেলাকে ঘিরে প্রতিদ্বন্দ্বিতা ও ট্রল থাকলেও তা যেন সীমা না ছাড়ায়, সেই আহ্বানও জানিয়েছেন এই অভিনেতা।

তার কথায়, ‘ট্রল খেলার অংশ। তবে অতিরিক্ত ট্রল, অপমান বা হেয় করাটাও বন্ধ করুন। আপনার কাছে এটা মজা হতে পারে, কিন্তু অন্য কারো জন্য সেটা মানসিকভাবে অনেক কষ্টের কারণ হতে পারে।’

সবশেষে জীবনকে খেলার চেয়ে বেশি মূল্য দেওয়ার আহ্বান জানিয়ে অপূর্ব লিখেছেন, ‘একটা দল হারলে আবার জিতবে, আজ ট্রফি না পেলে সামনে আবার পাবে। কিন্তু একটা জীবন চলে গেলে সেটা আর ফিরে আসে না।’

প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে অপূর্ব অভিনীত ওয়েব সিরিজ ‘হেডলাইন’। সাংবাদিকতার জগৎ, সত্য অনুসন্ধানের লড়াই এবং এর আড়ালে থাকা ব্যক্তিগত ও পারিবারিক সংকটের আভাসে নির্মিত আট পর্বের ওয়েব সিরিজে সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন তিনি।

সালেহ সোবহান অনীম পরিচালিত এই সিরিজে তার সঙ্গে এতে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, আফসান আরা বিন্দু, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, শ্যামল মাওলা, রাই রাজন্যা, অর্নিল বিরল, মনিরুল ইসলাম রুবেল, আমিনুর রহমান মুকুল, এ কে আজাদ সেতু, সাহানা রহমান সুমি, আরিফিন জিলানী ও জাহাঙ্গীর আলমসহ অনেককে।

আরও পড়ুন

×