ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

‘টোটাল ইক্লিপস অব দ্য হার্ট’খ্যাত গায়িকা বনি টাইলার মারা গেছেন

‘টোটাল ইক্লিপস অব দ্য হার্ট’খ্যাত গায়িকা বনি টাইলার মারা গেছেন
×

বনি টাইলার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬ | ০৫:০৪

‘টোটাল ইক্লিপস অব দ্য হার্ট’ ও ‘হোল্ডিং আউট ফর আ হিরো’ গানের জন্য বিশ্বজুড়ে পরিচিত ব্রিটিশ গায়িকা বনি টাইলার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে রয়টার্স।

১৯৫১ সালে ওয়েলসে গেইনর হপকিনস নামে জন্মগ্রহণ করেন বনি টাইলার। ১৯৭০-এর দশকে সংগীতজীবন শুরু করলেও ১৯৮০-এর দশকে গীতিকার জিম স্টেইনম্যানের সঙ্গে কাজ করার পর আন্তর্জাতিক খ্যাতি পান।

১৯৮৩ সালে প্রকাশিত ‘টোটাল ইক্লিপস অব দ্য হার্ট’ গানটি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র- দুই দেশেই চার্টের শীর্ষে ওঠে। গানটি গ্র্যামি পুরস্কারের জন্যও মনোনয়ন পায়। পরে ‘হোল্ডিং আউট ফর আ হিরো’ গানটিও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। তার অন্যান্য আলোচিত গানের মধ্যে রয়েছে ইটস এ হার্টেস ও লস্ট ইন ফ্রান্স।

রয়টার্স জানিয়েছে, ১৯৭৭ সালে স্বরযন্ত্রে অস্ত্রোপচারের পর চিকিৎসকের পরামর্শ ছিল কিছুদিন কথা না বলার। কিন্তু একদিন রাগের মাথায় চিৎকার করে ওঠেন তিনি। এতে তার কণ্ঠ স্থায়ীভাবে বদলে যায়। পরবর্তী সময়ে সেই কর্কশ ও ভারী কণ্ঠই হয়ে ওঠে তার সংগীতজীবনের স্বতন্ত্র পরিচয়।

‘টোটাল ইক্লিপস অব দ্য হার্ট’ গানটি পরে চলচ্চিত্র, টেলিভিশন অনুষ্ঠান ও বিজ্ঞাপনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। গানটি অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে ১০০ কোটির বেশি বার শোনা হয়েছে।

১৯৯০ এর দশকের পর যুক্তরাজ্যের তুলনায় নরওয়ে, অস্ট্রিয়া ও ফ্রান্সে তিনি বেশি জনপ্রিয়তা পান। ২০১৩ সালে তিনি ইউরোভিশন সং প্রতিযোগিতায় যুক্তরাজ্যের প্রতিনিধিত্ব করেন। সংগীতে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২২ সালে তাকে ব্রিটিশ সাম্রাজ্যের সদস্য উপাধিতে ভূষিত করা হয়।

ব্যক্তিগত জীবনে ১৯৭৩ সালে সম্পত্তি উন্নয়ন ব্যবসায়ী রবার্ট সুলিভানকে বিয়ে করেন বনি টাইলার। তাদের কোনো সন্তান ছিল না।

আরও পড়ুন

×