বিজেপিতে যোগ নয়, টলিউডের উন্নয়ন নিয়েই নেতাদের সঙ্গে বৈঠক: প্রসেনজিৎ
ছবি: সংগৃহীত
সমকাল ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬ | ১৪:৪২
টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে বিজেপির শীর্ষ নেতাদের ধারাবাহিক বৈঠক ঘিরে গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও বিনোদন অঙ্গনে জোর আলোচনা চলছিল। বিজেপিতে যোগদান কিংবা রাজ্যসভার সদস্য হওয়ার গুঞ্জনও ছড়িয়ে পড়ে। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে মুখ খুলেছেন অভিনেতা নিজেই।
বৃহস্পতিবার (১০ জুলাই) নবান্নে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রসেনজিৎ স্পষ্ট জানিয়ে দেন, রাজনৈতিক দলে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা তাঁর নেই। বাজারে ছড়িয়ে পড়া সব খবরই ভিত্তিহীন বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রসেনজিতের বালিগঞ্জের বাসভবন ‘উৎসব’-এ যান। এরপর নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক—এই দুই ঘটনাকে ঘিরেই নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়।
তবে প্রসেনজিৎ বলেন, ‘আমার নবান্নে আসা ঘিরে যে আলোচনা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি আমার ইন্ডাস্ট্রির ভালো-মন্দ এবং বাংলা চলচ্চিত্র শিল্পের উন্নয়ন নিয়ে আলোচনা করতেই এসেছি। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।’
রাজ্যসভার সদস্য হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘রাজনীতি নিয়ে দয়া করে কোনো প্রশ্ন করবেন না। আমি ইন্ডাস্ট্রির প্রতিনিধি হিসেবে এসেছি। বিভিন্ন জায়গায় শুটিং করতে গিয়ে নানা ধরনের সমস্যা ও সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়। সেসব বিষয় নিয়েই আলোচনা হয়েছে।’
বৈঠকে টলিউডের বর্তমান সংকট, শিল্পের উন্নয়ন এবং মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উদযাপন নিয়েও আলোচনা হয়েছে বলে জানান এই অভিনেতা।
প্রসেনজিৎ বলেন, ‘আমি ৪০ বছর ধরে এই ইন্ডাস্ট্রির সঙ্গে আছি। মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের নানা বিষয়ে কথা হয়। শিল্পের উন্নয়ন এবং ব্যক্তিগতভাবে কাজ করতে গিয়ে যেসব সমস্যার মুখোমুখি হতে হয়, সেগুলো নিয়েই আলোচনা করেছি।’
বৈঠকে স্টুডিওপাড়ায় নতুন কমিটি গঠনের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে প্রসেনজিৎ বলেন, ‘আমি এই ইন্ডাস্ট্রিরই একজন মানুষ। যদি শিল্পের স্বার্থে আমাকে কোনো দায়িত্ব দেওয়া হয়, অবশ্যই তা গ্রহণ করব। আমাদের সবার লক্ষ্য একটাই—টলিউডের উন্নয়ন।’
তবে ভবিষ্যতে রাজনীতিতে আসার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি অভিনেতা। তিনি বলেন, ‘বর্তমানে কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার পরিকল্পনা নেই। ভবিষ্যতে যদি এমন কোনো সিদ্ধান্ত নিই, তাহলে সবার আগে সংবাদমাধ্যমকেই জানাব।’
- বিষয় :
- প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
- অভিনেতা