অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের তিন সিনেমা
‘রইদ’, ‘দেলুপি’ ও ‘বালুর নগরীতে’ সিনেমার পোস্টার
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ২০:৩৮
অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন (আইএফএফএম) ২০২৬-এর ‘বেস্ট ফিল্ম ফ্রম দ্য সাবকন্টিনেন্ট’ বিভাগে মনোনয়ন পেয়েছে বাংলাদেশের তিনটি সিনেমা। মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, মোহাম্মদ তৌকির ইসলামের ‘দেলুপি’ এবং মেহেদি হাসানের ‘বালুর নগরীতে’ ছবিগুলো এবারের আসরে জায়গা করে নিয়েছে।
আগামী ১৩ থেকে ২৩ আগস্ট মেলবোর্নে অনুষ্ঠিত হবে আইএফএফএমের ১৭তম আসর। এই উৎসবে ৩১টি দেশের ৭৫টির বেশি সিনেমা প্রদর্শিত হবে।
আইএফএফএমের ইতিহাসে প্রথমবারের মতো ‘বেস্ট ফিল্ম ফ্রম দ্য সাবকন্টিনেন্ট’ বিভাগে একসঙ্গে বাংলাদেশের তিনটি সিনেমা মনোনয়ন পেয়েছে। একই বিভাগে আফগানিস্তানের দুটি, নেপালের দুটি এবং শ্রীলঙ্কার একটি সিনেমাও প্রতিযোগিতা করবে।
মনোনীত তিনটি সিনেমা ইতোমধ্যে দেশ-বিদেশে ব্যাপক আলোচনা তৈরি করেছে। মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ নিম্নবিত্ত এক যুবক ও তাঁর পাগল বউকে কেন্দ্র করে নির্মিত হয়েছে; যেখানে আবর্তিত হয়েছে নর-নারীর আদিম প্রেম, কাম, বিরহ ও অস্তিত্বের দার্শনিক এক গল্প। প্রতীকী ও লোকজ পুরাণের মিশেলে গ্রামীণ জীবনের জটিল আবেগ ও মনস্তাত্ত্বিক টানাপোড়েন ফুটে উঠেছে এই ছবিতে। গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘রইদ’ এখনও দেশের বিভিন্ন সিনেপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে।
অন্যদিকে মোহাম্মদ তৌকির ইসলামের ‘দেলুপি’ মুক্তির পর থেকেই প্রশংসিত হয়েছে। নির্মাণশৈলী, গল্প বলার ধরন ও অভিনয়–তিন ক্ষেত্রেই ছবিটি সমালোচকদের নজর কেড়েছে। আন্তর্জাতিক কয়েকটি চলচ্চিত্র উৎসবেও এটি প্রদর্শিত হয়েছে। মেহেদি হাসানের ‘বালুর নগরীতে’ মূলত উৎসবভিত্তিক চলচ্চিত্র হিসেবে বিদেশের বিভিন্ন আসরে প্রদর্শিত হয়ে ইতোমধ্যে আলোচিত। নগরজীবনের সংকট, মানুষের সম্পর্ক ও সামাজিক বাস্তবতার ভিন্নধর্মী উপস্থাপনায় দৃষ্টি কেড়েছে ছবিটি।
গত কয়েক বছরে বাংলাদেশের একাধিক চলচ্চিত্র বিশ্বের বিভিন্ন মর্যাদাপূর্ণ উৎসবে নির্বাচিত হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার আইএফএফএমে একসঙ্গে তিন সিনেমার মনোনয়ন দেশের চলচ্চিত্রের জন্য অত্যন্ত ইতিবাচক বার্তা বহন করছে। বিশেষ করে স্বাধীনধারার নির্মাতাদের জন্য আন্তর্জাতিক বাজার ও নতুন দর্শকের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক উৎসবে নির্বাচিত হওয়া শুধু সম্মানের বিষয় নয়। এটি দেশের চলচ্চিত্রকে বৈশ্বিক বিতরণ, সহ-প্রযোজনা ও নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি করে। ফলে এমন স্বীকৃতি ভবিষ্যতে বাংলাদেশি সিনেমার আন্তর্জাতিক যাত্রাকে আরও বেগবান করবে।
এদিকে, গত ৯ জুলাই আইএফএফএমের কার্টেন রেইজার অনুষ্ঠানটি ছিল বলিউড অভিনেতা আমির খানকে ঘিরে। সেখানে আমির খান অভিনীত ও প্রযোজিত কালজয়ী সিনেমা ‘লাগান’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে আমির খানের পাশাপাশি উপস্থিত ছিলেন গৌরীও।
আগামী ২৩ আগস্ট উৎসবের সমাপনী অনুষ্ঠানে ‘বেস্ট ফিল্ম ফ্রম দ্য সাবকন্টিনেন্ট’ বিভাগের বিজয়ীর নাম ঘোষণা করা হবে। বাংলাদেশের তিনটি সিনেমার একযোগে মনোনয়ন নিঃসন্দেহে দেশের চলচ্চিত্রের জন্য একটি গর্বের অধ্যায়। এখন অপেক্ষা আন্তর্জাতিক এই মঞ্চে দেশের সিনেমাগুলোর চূড়ান্ত সাফল্যের।
- বিষয় :
- সিনেমা
- চলচ্চিত্র উৎসব