আমরা হতাশা-ব্যর্থতা দেখেছি, তারপরও দল ছাড়িনি: নাদিয়া
নাদিয়া আহমেদ ও এফএস নাঈম। ছবি: ফেসবুক
সমকাল ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬ | ১৫:৫৬ | আপডেট: ১২ জুলাই ২০২৬ | ১৬:১৯
লিওনেল মেসি ও আর্জেন্টিনা দলের খেলা গ্যালারিতে বসে দেখার স্বপ্ন পূরণ হয়েছে জনপ্রিয় তারকা দম্পতি এফ এস নাঈম ও নাদিয়া আহমেদের। সব খেলা গ্যালারিতে বসে উদযাপন না করলেও প্রিয় দালের প্রতিটি জয় সামাজিক মাধ্যমে উদযাপন করেন নাদিয়া। আজ সুইজারল্যান্ডের বিপরীতে আর্জেন্টিনার জয়ও উদযাপন করেছেন সোশ্যাল হ্যান্ডেলে। দুজনের মুখেই ছিল প্রিয় দলের জয়ের উচ্ছ্বাস। ছবির ক্যাপশনে আর্জেন্টিনার প্রতি নিজের সমর্থনের কথা তুলে ধরেছেন এই অভিনেত্রী।
নাদিয়া লিখেছেন, ‘ভামোস আর্জেন্টিনা। সেমিফাইনালের পথে। গর্জে ওঠো আর্জেন্টিনা। কানসান স্টেডিয়ামকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, এই সেই স্টেডিয়াম যেখানে যেখানে ফিফা বিশ্বকাপ ২০০৬-এর আসরে আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচটি আলজেরিয়ার বিরুদ্ধে জিতেছিল। আজ এখানেই সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচ!’
এর আগে একটি দীর্ঘ পোস্ট দেন নাদিয়া। খেলা শুরুর আগে দেওয়া সে পোস্টে আর্জেন্টিনার সমর্থক হিসেবে নিজের দীর্ঘ পথচলা তুলে ধরেন। দলের হাজারো হৃদয় ভাঙা মুহূর্তে ছেড়ে না যাওয়ার গল্প লেখেন।

নাদিয়ার কথায়, ‘আমরা যারা আর্জেন্টিনার ফ্যান, ২০২২ এর আগে আর্জেন্টিনার শেষ বিশ্বকাপ জয় ছিল ১৯৮৬ সালে, দিয়েগো ম্যারাডোনার হাত ধরে। তাই আর্জেন্টিনার সমর্থক হতে হলে মনোবলটা সত্যিই অনেক শক্ত হতে হয়।’
এরপর লেখেন, ‘আমরা ২০০২-এর হতাশা দেখেছি, ২০০৬-এর আক্ষেপ দেখেছি, ২০১০-এর ব্যর্থতা দেখেছি, ২০১৪-এর ফাইনালে হৃদয়ভাঙা দেখেছি, ২০১৮-এর কষ্ট দেখেছি। তারপরও দল ছাড়িনি। অনেকেই ঠাট্টা করে আর্জেন্টিনাকে বলত, আরজেতেনা। বছরের পর বছর ধৈর্য ধরে, বিশ্বাস ধরে, ভালোবাসা ধরে একই দলের পাশে থেকেছি। অবশেষে ২০২২ সালে আমাদের সেই আকাঙ্খিত বিশ্বকাপের শিরোপা জয়ের মধ্য দিয়ে বহুদিনের স্বপ্ন পূরণ হয়েছে।’
এরপর স্বপ্নপূরণের গল্প টেনে লেখেন, ‘আমরা কখনও এমন একটি দলকে সমর্থন করিনি, যাদের শুধু সাফল্য দেখেই সবাই সমর্থন করে। আমাদের তখন মাত্র দুটি বিশ্বকাপ ছিল, কিন্তু স্বপ্ন ছিল—একদিন নিজের চোখে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে দেখব। সেই স্বপ্ন পূরণ হয়েছে।’

আর্জেন্টিনার প্রতি নিঃস্বার্থ ভালোবাসা উঠে এসেছে অভিনেত্রীর লেখায়, ‘তাই আজ যারা এই বিশ্বকাপ বা গত বিশ্বকাপ নিয়ে অনেক কথা বলছেন, তাদের শুধু একটা কথাই বলব—আর্জেন্টিনার সমর্থকরা কয়টি বিশ্বকাপ জিতেছে, সেই হিসাব দেখে এই দলকে ভালোবাসে না। তারা ভালোবাসে দলের ইতিহাস, জার্সি, আবেগ আর পরিচয়কে। এরা ট্রফির জন্য নয়, ভালোবাসার জন্য পাশে থাকে।’
আরও লেখেন, ‘আজ আমরা চাপমুক্ত হয়ে খেলা উপভোগ করব। ২০২১ এর কোপা আমেরিকা জয়ের পর থেকে আর্জেন্টিনার ঝুলি তে আছে অনেক অনেক সফলতার গল্প… তাই কারও হিংসাত্মক কথায় আজ আমাদের আবেগকে একটু ও ছোট করতে পারবে না।’
নাদিয়ার উপলব্ধি, আর্জেন্টিনা সমর্থকদের কাছে শুধু একটি ফুটবল দল নয়; এটি একটি অনুভূতির নাম। তাই দলটির সমর্থকদের ভেঙে দেওয়া এত সহজ নয়।

- বিষয় :
- নাদিয়া আহমেদ
- এফএস নাঈম