ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

'জুরাসিক পার্ক'খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই

'জুরাসিক পার্ক'খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই
×

হলিউডের জনপ্রিয় অভিনেতা এবং জুরাসিক পার্কখ্যাত তারকা স্যাম নিল

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ১৩:৫৫

হলিউডের জনপ্রিয় অভিনেতা এবং জুরাসিক পার্কখ্যাত তারকা স্যাম নিল মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। সোমবার (১৩ জুলাই) অস্ট্রেলিয়ার সিডনিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পরিবারের পক্ষ থেকে অভিনেতার ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মৃত্যুর খবর জানানো হয়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শেষ সময় স্যাম নিল পরিবারের সদস্যদের সঙ্গেই ছিলেন এবং মর্যাদার সঙ্গে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তারা আরও জানান, তার মৃত্যু আকস্মিক ও অপ্রত্যাশিত হলেও তিনি ক্যানসারমুক্ত অবস্থাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একই সঙ্গে সিডনির সেন্ট ভিনসেন্টস প্রাইভেট হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে পরিবার।

পোস্টে আরও বলা হয়, পরবর্তী সময়ে তার শেষকৃত্যসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানানো হবে। এ সময় পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধও জানানো হয়েছে।

২০২৩ সালের মার্চে স্যাম নিল প্রকাশ করেছিলেন যে, আগের বছর তার অ্যাঞ্জিওইমিউনোব্লাস্টিক টি-সেল লিম্ফোমা ধরা পড়ে। অসুস্থতার মধ্যেও তিনি জীবন, বার্ধক্য এবং মৃত্যু নিয়ে খোলামেলা কথা বলেছেন।

২০২৩ সালের অক্টোবরে অস্ট্রেলিয়ান স্টোরি অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘মৃত্যুকে আমি ভয় পাই না। তবে বিরক্ত লাগবে, কারণ এখনও অনেক কাজ বাকি, অনেক কিছু করার ইচ্ছা রয়েছে।’

পাঁচ দশকেরও বেশি সময়ের অভিনয়জীবনে স্যাম নিল আন্তর্জাতিক চলচ্চিত্রে নিজেকে বহুমাত্রিক অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন। ১৯৭৯ সালের মাই ব্রিলিয়ান্ট ক্যারিয়ার, ১৯৮৯ সালের ডেড ক্যাল্ম এবং ১৯৯৩ সালের দ্য পিয়ানো চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি প্রশংসিত হন। তবে স্টিভেন স্পিলবার্গ পরিচালিত জুরাসিক পার্ক সিরিজে ড. অ্যালান গ্রান্ট চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন।

এ ছাড়া দ্য হান্ট ফর রেড অক্টোবর, ইন দ্য মাউথ অব ম্যাডনেস, ইভেন্ট হরাইজন এবং হান্ট ফর দ্য উইল্ডারপিপলসহ একাধিক আলোচিত চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। টেলিভিশনেও রাইলি: এস অব স্পাইজ, মার্লিন, দ্য টিউডরস এবং পিকি ব্লাইন্ডার্স সিরিজে তার অভিনয় প্রশংসিত হয়।

সবশেষ ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত জুরাসিক ওয়ার্ল্ড: ডমিনিয়ন চলচ্চিত্রে আবারও ড. অ্যালান গ্রান্ট চরিত্রে অভিনয় করে দর্শকদের নস্টালজিক করে তোলেন এই কিংবদন্তি অভিনেতা।

আরও পড়ুন

×