ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

আমাদের মনুষ্যত্ব-সহমর্মিতা যেন হেরে না যায়: জয়া

আমাদের মনুষ্যত্ব-সহমর্মিতা যেন হেরে না যায়: জয়া
×

জয়া আহসান। ছবি: ফেসবুক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ১৬:৫৯ | আপডেট: ১৩ জুলাই ২০২৬ | ১৯:০২

দেশজুড়ে চলমান বন্যা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সোমবার সামাজিকমাধ্যমে দেওয়া আবেগঘন পোস্টে তিনি বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে বন্যা-পরবর্তী স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেন।

জয়া লেখেন, ‘গত কয়েকটা দিন ধরে চারদিকের জলমগ্ন ছবিগুলো, মানুষের হাহাকার আর অসহায়ত্ব দেখে কিছুতেই চোখ ফেরাতে পারছি না। বুকটা ভারী হয়ে আসছে। আমাদের দেশটা আজ কী ভীষণ এক দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছে। জলমগ্ন প্রতিটি মুখ, আশ্রয়হীন প্রতিটি পরিবার আর অবোধ শিশুদের জলছল চোখগুলো সারাক্ষণ চোখের সামনে ভাসছে। কিন্তু মানুষের এই লড়াইটা শুধু পানি কমার নয়। আসল যুদ্ধটা হয়তো শুরু হবে পানি নেমে যাওয়ার পর।’

তিনি বলেন, বন্যার পানি কমে গেলেও সামনে দেখা দিতে পারে নানা ধরনের পানিবাহিত রোগ। তাই এখন থেকেই সচেতন হওয়ার বিকল্প নেই।

পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘পানি কমলেই ধেয়ে আসবে নানা রকম পানিবাহিত রোগব্যাধি। এই সময়ে আমাদের একটুখানি অসচেতনতা কিন্তু আরও বড় বিপর্যয় ডেকে আনতে পারে। তাই দয়া করে এখন থেকেই সবাই সর্বোচ্চ সতর্ক হোন। নিরাপদ পানি ও শুকনো খাবারের পাশাপাশি আমাদের একটু বাড়তি নজর দিতে হবে আমাদের চারপাশের সবচেয়ে সংবেদনশীল মানুষগুলোর প্রতি। আমাদের ঘরের এবং আশপাশের বৃদ্ধ মানুষগুলো, গর্ভবতী মায়েরা আর কোমলমতি শিশুরা এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি অসহায়। নোংরা পানি আর স্যাঁতসেঁতে পরিবেশ থেকে ওঁদের একটু আগলে রাখুন। ওঁদের মানসিক আর শারীরিক স্বাস্থ্যের খোঁজ নিন।’

মানুষের পাশাপাশি গৃহপালিত প্রাণীদের প্রতিও সহমর্মিতা দেখানোর আহ্বান জানিয়েছেন জয়া। তিনি লেখেন, ‘আমাদের আশপাশের অবলা গৃহপালিত প্রাণীগুলোর কথা ভুলবেন না। বিপদের দিনে ওরা তো মুখে কষ্টের কথা বলতে পারে না। আপনার সাধ্যমতো ওদের একটু নিরাপদ শুকনো জায়গা দিন, একটুখানি খাবার দিন। ওরাও তো আমাদের এই প্রকৃতিরই অংশ, আমাদের পরিবারের মতোই।’

পোস্টের শেষাংশে জয়া আহসান লিখেছেন, ‘দুর্যোগ হয়তো আমাদের পরীক্ষা নিচ্ছে, কিন্তু আমাদের ভেতরের মানুষত্ব আর সহমর্মিতা যেন হেরে না যায়। আমরা যদি নিজের জায়গা থেকে সচেতন হই, একে অপরের হাতটা শক্ত করে ধরি, এই কঠিন সময় ঠিকই কেটে যাবে।’

আরও পড়ুন

×