ধর্ষণ মামলায় সহকারী গ্রেপ্তার, কী পদক্ষেপ নিলেন শ্রাবন্তী
শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবি: ফেসবুক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ২০:৪৬
এক নারীকে ধর্ষণের অভিযোগে টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সহকারী ব্যক্তিগত সহকারী মুখোপাধ্যায় গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে পশ্চিমবঙ্গের হাওড়ার চ্যাটার্জিহাট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ ঘটনার পর অর্ঘর সঙ্গে সম্পর্ক নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন শ্রাবন্তী।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, হাওড়ার চ্যাটার্জিহাট থানায় দায়ের করা এক নারীর অভিযোগের ভিত্তিতে অর্ঘ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ধর্ষণের মামলা করে। পরে ১২ জুলাই রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার তাকে হাওড়া আদালতে হাজির করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অর্ঘ একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। ধর্ষণের মামলা করা ওই নারী একই প্রতিষ্ঠানে কাজ করেন। অভিযোগে তিনি বলেন, গত ১২ এপ্রিল কাজের সূত্রে চ্যাটার্জিহাটে অভিযুক্তের বাসায় গেলে তাকে ধর্ষণ করা হয়। পরে ১২ জুন থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তদন্ত শুরু করে পুলিশ।
ঘটনা প্রকাশ্যে আসার পর শ্রাবন্তী চট্টোপাধ্যায় এক বিবৃতিতে জানান, অর্ঘ মুখোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্ক ছিল শুধুই পেশাগত।
শ্রাবন্তী চট্টোপাধ্যায় বলেন, “হাওড়ার ষষ্ঠীতলার বাসিন্দা অর্ঘ মুখোপাধ্যায় এতদিন আমার কাজের দেখভাল করতেন। ২০২৪ সাল থেকে ‘তান্তেওয়ালা’ কোম্পানির মাধ্যমে আমার সব কাজ পরিচালিত হচ্ছে। সেই সূত্রেই তার সঙ্গে পরিচয়। সম্প্রতি জানতে পেরেছি, তার বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা হয়েছে। বিষয়টি আমার জন্য অত্যন্ত অস্বস্তিকর।”
শ্রাবন্তী আরও বলেন, “তার ব্যক্তিগত কর্মকাণ্ড সম্পর্কে আমি কিছুই জানতাম না। তবে এ ঘটনার পর আমি সংশ্লিষ্ট সংস্থাকে জানিয়ে দিয়েছি, অর্ঘ মুখোপাধ্যায়ের সঙ্গে আর কোনোভাবেই কাজ করা আমার পক্ষে সম্ভব নয়।”
এদিকে অভিযোগের বিষয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত অভিযুক্তের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সূত্র: সংবাদ প্রতিদিন ও আনন্দবাজার অনলাইন