দীর্ঘদিন পর রাজের নাটকে জাহিদ হাসান, সঙ্গে একঝাঁক তারকাশিল্পী
খায়রুল বাসার, জাহিদ হাসান ও তানজিম সাইয়ারা তটিনী। ছবি: সিনেমাওয়ালার সৌজন্য
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ১৯:৫৮
দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে কাজ করলেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও নন্দিত অভিনেতা জাহিদ হাসান। তাদের নতুন ধারাবাহিক নাটকের নাম ‘পথহারা মন’।
প্রেম, ভালোবাসা, সম্পর্কের টানাপোড়েন এবং মানুষের আবেগঘন গল্প নিয়ে নির্মিত এই নাটকে জাহিদ হাসানের পাশাপাশি অভিনয় করছেন খায়রুল বাসার, তানজিম সাইয়ারা তটিনী, দীপা খন্দকার, ডা. এজাজুল ইসলাম ও মনিরা আক্তার মিঠু।
নির্মাতা রাজ জানান, দর্শকের বাস্তব জীবনের অনুভূতি ও সম্পর্কের নানা দিককে কেন্দ্র করেই গল্পটি নির্মাণ করা হয়েছে। দর্শকদের জন্য এটি ভালোবাসা ও সম্পর্কের আবেগঘন নতুন এক উপস্থাপনা। দীর্ঘদিন পর জাহিদ হাসানের সঙ্গে কাজ করতে পেরে দারুণ উচ্ছ্বসিত। তাঁর অভিনয় নাটকটিকে নতুন মাত্রা দিয়েছে। একই সঙ্গে অভিজ্ঞ ও তরুণ শিল্পীদের সমন্বয়ে শক্তিশালী একটি অভিনয় দল গড়ে উঠেছে।
জাহিদ হাসান জানিয়েছেন, রাজের সঙ্গে কাজের অভিজ্ঞতা সবসময়ই আনন্দের। অনেক দিন পর আবার তাঁর পরিচালনায় কাজ করতে পেরে তিনি খুশি। নাটকের গল্প আন্তরিক এবং নিজের চরিত্রটিও যথেষ্ট চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেন এই অভিনেতা।

জাহিদ হাসান বলেন, ‘দর্শক এই সময়ে যে ধরনের ধারাবাহিক পর্দায় দেখতে চায় এটি তেমনই। শুটিংয়ের পুরো পরিবেশ ছিল অত্যন্ত ইতিবাচক ও উপভোগ্য। কাজটি বেশ ভালোভাবেই শেষ করেছি।’
প্রসঙ্গ, সর্বশেষ ২০১৮ সালে রাজের পরিচালনায় ‘ছেলেমানুষি’ নামে সাত পর্বের একটি ধারাবাহিকে অভিনয় করেছিলেন জাহিদ হাসান, যা বৈশাখী টিভিতে প্রচারিত হয়েছিল। নতুন নাটক ‘পথহারা মন’-এর দৃশ্যধারণ শুরু হয়েছে গত ১০ জুলাই রাজধানীর উত্তরায়। গতকাল ১৪ জুলাই এর কাজ শেষ হয়েছে।
নাটকের গল্প লিখেছেন জাকিয়া হোসেন তৃষা। পাণ্ডুলিপি তৈরি করেছেন আসাদ জামান ও নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। সবকিছু ঠিক থাকলে শিগগিরই নাটকটি ইউটিউবের ‘সিনেমাওয়ালা’ চ্যানেলে মুক্তি পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।