বিশ্বকাপ ফাইনালের দিনে ঢাকা মাতাবেন সঞ্জয়
সঞ্জয় দেব
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ২০:৪১
ফিফা বিশ্বকাপের এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন সংগীতশিল্পী ও সংগীত পরিচালক সঞ্জয় দেব এবার দেশের দর্শকদের সামনে মঞ্চে উঠতে যাচ্ছেন।
বিশ্বকাপ ফুটবলের ফাইনালের দিন, ১৯ জুলাই রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক পার্কে আয়োজিত ‘ফ্যান ফেস্ট ২.০’-এর সমাপনী আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে সংগীত পরিবেশন করবেন তিনি। আয়োজকদের প্রত্যাশা, সঞ্জয়ের অংশগ্রহণে ফাইনাল ম্যাচ ঘিরে দর্শকদের উচ্ছ্বাস আরও বাড়বে।
বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল উপলক্ষে ছয় দিনব্যাপী আয়োজন করা হয়েছে ‘ফ্যান ফেস্ট ২.০’। আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশনস। খেলা সরাসরি উপভোগের পাশাপাশি দর্শকদের জন্য থাকছে লাইভ কনসার্ট, ডিজে পারফরম্যান্স এবং বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে অনুষ্ঠান।

ফ্যান ফেস্টের সূচনা হয়েছে প্রথম সেমিফাইনালের দিন। গতকাল উদ্বোধনী দিনে পারফর্ম করেছেন ফিরোজ জং ও ডিজে সুমন। দ্বিতীয় সেমিফাইনালের দিন, আজ ১৫ জুলাই, মঞ্চে উঠবেন ব্ল্যাক জ্যাং এবং ডিজে তন্ময়। ১৬ জুলাই পরিবেশনা করবেন সংগীতশিল্পী তাসনিম আনিকা ও ডিজে প্রিয়ন্তী।
১৭ জুলাই দর্শকদের মাতাবেন মিলা ইসলাম, ডিজে রিশাদ এবং ডিজে তৃষা। ১৮ জুলাই থাকছেন ডিজে সানী। আর ১৯ জুলাই বিশ্বকাপ ফাইনালের আগে বিশেষ পরিবেশনা করবেন সঞ্জয় দেব। তাঁর সঙ্গে থাকবেন ডিজে জুডু।
ইতোমধ্যে অনলাইন টিকিট প্ল্যাটফর্ম ‘টিকিট টুমরো’-তে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রথম দুই দিনের প্রতিদিনের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। পরবর্তী তিন দিনের প্রতিদিনের টিকিটের দাম ৩০০ টাকা। আর ফাইনাল ম্যাচের দিনের টিকিটের দাম রাখা হয়েছে ৭০০ টাকা।
বাংলাদেশের শ্রীমঙ্গলে জন্ম নেওয়া সঞ্জয় দেবের বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে। তিন বছর বয়সেই ভারতীয় শাস্ত্রীয় সংগীত শেখা শুরু করেন তিনি। ১১ বছর বয়সে যুক্তরাষ্ট্রে চলে যান। খেলাধুলা বা অন্য কোনো বিষয়ে খুব একটা জড়াননি এই সংগীত পরিচালক। সংগীতই ছিল তাঁর একমাত্র আশ্রয়। কখনও ভাবেননি সংগীতই জীবনের পথ হয়ে উঠবে। বর্তমানে তিনি লস অ্যাঞ্জেলেসভিত্তিক ইলেকট্রনিক ড্যান্স মিউজিক (ইডিএম) প্রযোজক ও ডিজে হিসেবে কাজ করছেন।

তাঁর প্রযোজনায় গান করেছেন অরিজিৎ সিং, গুরু রন্ধাওয়া, সুনিধি চৌহান, জনিতা গান্ধী, বেনি দয়াল, নোরা ফাতেহি, কনা, হাবিব ওয়াহিদ, জেফারসহ বহু জনপ্রিয় শিল্পী।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কানাডা পর্বে সঞ্জয়ের পরিবেশনা বিশেষভাবে প্রশংসিত হয়। নিজের পারফরম্যান্সের পাশাপাশি পোশাকেও তিনি তুলে ধরেন বাংলাদেশের পরিচয়। তাঁর পরনে থাকা মেরুন রঙের স্যুটে ফুটে ওঠে রয়েল বেঙ্গল টাইগার, শাপলা এবং লাল-সবুজের প্রতীকী নকশা।
বিশ্বমঞ্চে বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয় তুলে ধরার এই উদ্যোগ আন্তর্জাতিক দর্শকদেরও দৃষ্টি আকর্ষণ করে এবং সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা হয়। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পর এবার দেশের মাটিতে তাঁর পরিবেশনা সংগীতপ্রেমীদের জন্য হতে যাচ্ছে বিশেষ আকর্ষণের একটি মুহূর্ত। এমনটিই মনে করছেন আয়োজকরা।
- বিষয় :
- সঞ্জয় দেব
- সংগীত
- সংগীতশিল্পী
- বিশ্বকাপ ফুটবল