অভিনেত্রী সোহিনী সরকার মা হচ্ছেন
সোহিনী সরকার । ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে নেয়া।
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ | ১৪:২৮
দুই বছরের দাম্পত্য জীবনে নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার ও সংগীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়। সুখবরটি এবার নিজেরাই জানিয়েছেন এই তারকা দম্পতি। তাদের সংসারে আসছে নতুন অতিথি।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি যৌথ ছবি প্রকাশ করেন সোহিনী ও শোভন। ছবিতে সাদা কুর্তি, খোলা চুলে লাল ফুল গোঁজা সাজে দেখা যায় সোহিনীকে। ছবিতে স্পষ্ট ছিল তার বেবিবাম্প। অন্যদিকে আকাশি রঙের পাঞ্জাবি পরেছিলেন শোভন। ছবিগুলোর ক্যাপশনে তারা লিখেছেন, ‘আমরা দুই থেকে তিনের পথে।’
পোস্টটি প্রকাশের পরপরই শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসতে থাকেন এই দম্পতি। অভিনেত্রী অলিভিয়া সরকার লিখেছেন, ‘আমি আনন্দে চিৎকার করছি। তোমাদের দুজনকেই অনেক ভালোবাসা।’ অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায় লিখেছেন, ‘অনেক ভালোবাসা, দিদি।’ এছাড়া মিমি চক্রবর্তী, শ্রীময়ী চট্টরাজ, ঋদ্ধিমা ঘোষ, অনিন্দিতা রায়চৌধুরীসহ টলিউডের অনেক তারকাই শুভেচ্ছা জানিয়েছেন তাদের।
গত কয়েক সপ্তাহ ধরেই টালিগঞ্জে সোহিনীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে এ বিষয়ে এতদিন কোনো মন্তব্য করেননি তারা। অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যমেই সুখবরটি জানালেন এই দম্পতি।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৫ জুলাই ঘরোয়া আয়োজনে বিয়ে করেন সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়। বিয়ের আয়োজন ছিল একান্তই ব্যক্তিগত, যেখানে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা।
পশ্চিমবঙ্গের বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, চলতি বছরই তাদের প্রথম সন্তানের জন্ম হওয়ার কথা রয়েছে।
এদিকে, সম্প্রতি সোহিনীকে দেখা গেছে ‘ফেরা’ ছবিতে। মাতৃত্বের এই বিশেষ সময়টিকে প্রাধান্য দিতে আপাতত অভিনয় থেকে বিরতি নিয়েছেন তিনি। নতুন কোনো কাজও হাতে নিচ্ছেন না।
- বিষয় :
- সোহিনী সরকার
- কলকাতার নায়িকা