ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

শুটিং সেটে প্রেম-১৫ বছরের সংসার, বিচ্ছেদের ঘোষণা তারকা দম্পতির

শুটিং সেটে প্রেম-১৫ বছরের সংসার, বিচ্ছেদের ঘোষণা তারকা দম্পতির
×

আদীনাথ কোঠারে ও উর্মিলা কানেটকর। ছবি: নিউজ বাইট

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ | ১৮:৪৭ | আপডেট: ১৬ জুলাই ২০২৬ | ১৮:৫৫

দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন জনপ্রিয় মারাঠি অভিনেতা আদীনাথ কোঠারে ও অভিনেত্রী উর্মিলা কানেটকর। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে যৌথ বিবৃতির মাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন এই তারকা দম্পতি।

বিবৃতিতে তারা জানান, পারস্পরিক সমঝোতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

যৌথ বিবৃতিতে লেখা হয়, ‘অনেক ভাবনা-চিন্তার পর আমরা, উর্মিলা কানেটকর ও আদীনাথ এম. কোঠারে, পারস্পরিক সম্মতির ভিত্তিতে জীবনসঙ্গী হিসেবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দম্পতি হিসেবে আমাদের পথচলা শেষ হলেও, আমাদের মেয়ে জিজাহর প্রতি দায়িত্ব ও ভালোবাসা অটুট থাকবে। সে-ই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা একসঙ্গে কো-প্যারেন্টিং করছি, যাতে সে ভালোবাসা, নিরাপত্তা ও যত্নের মধ্যেই বড় হয়ে উঠতে পারে।’

তারা আরও বলেন, ‘আমাদের একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে এবং একসঙ্গে কাটানো বছরগুলোর জন্য আমরা কৃতজ্ঞ। এতদিন যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, ভবিষ্যতেও সবার সেই ভালোবাসা ও শুভকামনা কামনা করছি।’

গণমাধ্যম ও ভক্তদের কাছে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়ে তারা বলেন, এ বিষয়ে এটিই তাদের একমাত্র আনুষ্ঠানিক বিবৃতি এবং ভবিষ্যতে আর কোনো মন্তব্য করবেন না।

২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত মারাঠি চলচ্চিত্র ‘শুভ মঙ্গল সাভধান’–এর শুটিং সেটে আদীনাথ ও উর্মিলার পরিচয় ও প্রেমের শুরু। সিনেমাটি পরিচালনা করেছিলেন আদীনাথের বাবা, বর্ষীয়ান নির্মাতা মহেশ কোঠারে। একই ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল উর্মিলার।

২০১১ সালে বিয়ে করেন এই জুটি। ২০১৮ সালে তাদের কন্যাসন্তান জিজাহ জন্মগ্রহণ করে।

উর্মিলা কানেটকর ‘দুনিয়াদারি’, ‘মালা আই ভহায়চ্য’ এবং ‘তি সদ্ধ্যা কায় করতে’–সহ একাধিক জনপ্রিয় মারাঠি সিনেমায় অভিনয় করেছেন। পাশাপাশি হিন্দি ও তেলুগু চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি।

অন্যদিকে আদীনাথ কোঠারে মারাঠি ও হিন্দি ইন্ডাস্ট্রিতে বেশি পরিচিত মুখ। ‘চন্দ্রমুখী’, জাতীয় পুরস্কারজয়ী তার পরিচালিত চলচ্চিত্র ‘পানি’, ও হিন্দি ছবি ‘৮৩’–এ ক্রিকেটার দিলীপ ভেংসরকার–এর চরিত্রে অভিনয়ের জন্য তিনি প্রশংসিত হন। বর্তমানে নীতেশ তিওয়ারি পরিচালিত বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ’ সিনেমায় ভরত চরিত্রে অভিনয় করছেন আদীনাথ কোঠারে। সূত্র: এনডিটিভি

আরও পড়ুন

×