ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

বিদেশ ঘুরে এবার দেশের প্রেক্ষাগৃহে ‘মাস্তুল’

বিদেশ ঘুরে এবার দেশের প্রেক্ষাগৃহে ‘মাস্তুল’
×

‘মাস্তুল’ সিনেমার একটি দৃশ্যে ফজলুর রহমান বাবু। ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ | ২১:০৬

মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত সিনেমা ‘মাস্তুল’। একটি জ্বালানিবাহী তেলের ট্যাঙ্কারের বৃদ্ধ রাঁধুনি আর বন্দর এলাকার এক পথশিশুকে ঘিরে আবর্তিত হয়েছে এর গল্প। তাদের সম্পর্কের ভেতর দিয়ে উঠে এসেছে ভাসমান মানুষের জীবন, বিচ্ছিন্নতা, স্নেহ, ক্ষমতার দ্বন্দ্ব এবং টিকে থাকার সংগ্রাম। আগামীকাল শুক্রবার দেশের বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

নির্মাতার নিজ শহর এবং বাংলাদেশের অন্যতম ব্যস্ত নদীবন্দর নারায়ণগঞ্জের প্রেক্ষাপটে নির্মিত মাস্তুল-এ অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান প্রমুখ।

ব্যস্ত জাহাজ, নদীবন্দর ও জনবহুল মাছবাজারের মতো বাস্তব লোকেশনে সিনেমাটির শুটিং হয়েছে। নির্মাতা জানিয়েছেন, পেশাদার অভিনেতাদের পাশাপাশি ট্যাঙ্কারে কর্মরত প্রকৃত খালাসিদেরও কাজে লাগানো হয়েছে। এই সিনেমায় ‘পাচক মকবুল’ চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু।

সিনেমায় কোনো সংলাপ নেই তাঁর, তবুও এই চরিত্রে যুক্ত হওয়ার কারণ জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘সিনেমায় আমাদের কিছু অভিনেতা-অভিনেত্রী আছেন, যারা স্ক্রিপ্ট পেলে কয়টা ডায়ালগ আছে তা মার্ক করেন। কিন্তু থিয়েটার থেকে আমরা যারা এসেছি, আমরা কখনও এটা করিনি। অভিনয় আসলে শুধু সংলাপ না, এটি অ্যাকশন এবং রিঅ্যাকশন।’

মাস্তুল ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে ‘স্পেশাল মেনশন’ লাভ করে। এরপর রাশিয়ার ১৮তম চেবোক্সারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অর্জন করে ‘বেস্ট আর্টিস্টিক কন্ট্রিবিউশন’ পুরস্কার।

পাশাপাশি স্পেনের ২৬তম ইমাজিন ইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘সেরা মানবিক চলচ্চিত্র’ বিভাগেও মনোনয়ন পেয়েছে।

আরও পড়ুন

×