ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

এ আর রাহমানের দৃষ্টি এড়ালো না শুভ-নন্দিতার ‘সাওয়ারিয়া’

এ আর রাহমানের দৃষ্টি এড়ালো না শুভ-নন্দিতার ‘সাওয়ারিয়া’
×

এ আর রহমান, শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ | ১৪:২৪ | আপডেট: ১৮ জুলাই ২০২৬ | ১৪:৫৩

বাংলাদেশের সংগীতশিল্পী শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতার গাওয়া একটি কাভার গান শেয়ার করেছেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে গানটি প্রকাশ করার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন দুই শিল্পী।

পুরনো দিনের জনপ্রিয় গান নতুনভাবে পরিবেশন করে ইতোমধ্যে শ্রোতাদের নজর কেড়েছেন শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা। এবার তাদের কণ্ঠে গাওয়া একটি গান মুগ্ধ করেছে বিশ্বখ্যাত সুরকার এ আর রহমানকেও।

সম্প্রতি রহমান নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শুভ ও নন্দিতার গাওয়া ‘স্বদেশ’ সিনেমার জনপ্রিয় গান ‘সাওয়ারিয়া’-র কাভার সংস্করণ শেয়ার করেন। মূল গানটির সংগীত পরিচালনা করেছিলেন এ আর রহমান নিজেই।

বিশ্ববরেণ্য এই সুরকারের কাছ থেকে এমন স্বীকৃতি পেয়ে আনন্দে আত্মহারা দুই শিল্পী। রহমানের শেয়ার করা স্টোরির স্ক্রিনশট সামাজিক মাধ্যমে প্রকাশ করে শুভেন্দু দাশ শুভ লেখেন, ‘ছোটবেলা থেকে এ আর রহমানের গান শুনে আসছি। যার কাজকে অনুপ্রেরণা হিসেবে হৃদয়ে ধারণ করেছি, তিনিই আমাদের গান শুনেছেন, আবার নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন। এটা সত্যিই দারুণ অনুভূতি।’

একই স্ক্রিনশট শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেন সানজিদা মাহমুদ নন্দিতাও। তিনি লেখেন, ‘আমি কি স্বপ্ন দেখছি? কেউ আমাকে চিমটি কাটো প্লিজ! এই স্মৃতি আমার সারাজীবনের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’

শুভ ও নন্দিতা আগে থেকেই পরিচিত ছিলেন। পুরনো বাংলা ও হিন্দি গান নতুনভাবে পরিবেশনের উদ্দেশ্যে তারা ‘মোজি অ্যান্ড কোং’ নামে একটি প্ল্যাটফর্ম গড়ে তুলেছেন। অল্প সময়েই তাদের পরিবেশনা শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। সেই প্ল্যাটফর্মেই প্রকাশ পেয়েছিল এ আর রহমানের সুর করা ‘সাওয়ারিয়া’ গানের কাভার, যা এবার পৌঁছে গেল সুরকারের কাছেও।

আরও পড়ুন

×