ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

জমজমাট আয়োজনে তারকাখচিত হাফ টাইম শো

জমজমাট আয়োজনে তারকাখচিত হাফ টাইম শো
×

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ | ১৮:২৮ | আপডেট: ১৮ জুলাই ২০২৬ | ২০:০১

অবশেষে চলে এলো বহুকাঙ্ক্ষিত সেই দিন, যার জন্য কোটি ফুটবলপ্রেমী প্রহর গুনেছেন। ৪৮ দেশের লড়াই শেষে আজ একটি দলের হাতে উঠবে ‘বিশ্বকাপ ফুটবল ২০২৬’-এর শিরোপা। সেই মুহূর্তটির জন্য দীর্ঘ চার বছরের এই প্রতীক্ষা। তাই বিশ্ব ফুটবল সংস্থা ফিফা উদ্যোগ নিয়েছে ফাইনাল ম্যাচের দিনটিকে আরও জমজামট করে তোলার। সে কারণে আমেরিকার ন্যাশনাল ফুটবল লিগের আদলে ফাইনালের বিরতিতে আয়োজন করেছে সমাপ্তি অনুষ্ঠানের; যে আয়োজনকে বলা হয় সুপার বোল।

আন্তর্জাতিক সংবামমাধ্যমগুলো জানিয়েছে বিশ্ব ফুটবল সংস্থা ফিফা সুপার বোলের আদলে ‘হাফ টাইম শো’র জন্য খেলার মধ্য বিরতির সময় বাড়িয়ে ১৭ মিনিট করেছে।  আর সেই হাফ টাইম শো জমকালো করে তুলতে পৃথিবীর নানা প্রান্ত থেকে আমন্ত্রণ জানিয়েছে আলোচিত সব সংগীত তারকাদের। যার সুবাদে ফুটবলের সবচেয়ে বড় লড়াইয়ের পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে সংগীত।

সংবাদমাধ্যমগুলো আরও জানিয়েছে, ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালের বিরতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সুপার বোলের আদলে তারকাখচিত হাফ টাইম শো।

আর সেই মঞ্চে পারফর্ম করবেন জাস্টিন বিবার, শাকিরা, ম্যাডোনা, দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস, বার্না বয়সহ আরও কয়েকজন বিশ্বখ্যাত শিল্পী। আগামীকাল বাংলাদেশ সময় রাত ১টায় নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। যেখানে শিরোপার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে স্পেন ও আর্জেন্টিনা।

ইউরোপ ও ল্যাতিন আমেরিকার এই দুই দেশের চূড়ান্ত পর্বের ফুটবল লড়াইয়ের পাশাপাশি মেলবন্ধন ঘটছে যাচ্ছে সংগীতের। সেই সুবাদে ফুটবল বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এবারই ‘হাফ টাইম শো’ এক নতুন সংযোজন।

ফিফা স্পেন ও আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনকে জানিয়েছে, হাফ টাইম বা বিরতির সময়কাল হবে মাত্র ১৭ মিনিট। যা অনেকের প্রত্যাশিত ৩০ মিনিটের চেয়ে কম। এ ক্ষেত্রে বিশ্বকাপের ভেন্যু নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের মাঠে মঞ্চ তৈরি ও তা সরিয়ে ফেলার কাজে ওই ১৭ মিনিটের মধ্যে প্রায় ছয় মিনিট ব্যয় হবে। যা মূল পারফরম্যান্সের জন্য প্রায় ১১ মিনিট সময় পাওয়া যাবে। এতে টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত এই বিনোদনমূলক অনুষ্ঠানের জন্য যেমন সুযোগ রাখা সম্ভব হবে, তেমনি বিরতির মোট সময়কালও ফিফার প্রথাগত ম্যাচের সময়সূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকবে বলে জানিয়েছে ফিফা।

অনুষ্ঠানের সৃজনশীল তত্ত্বাবধানে রয়েছেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন। তাঁর পরিকল্পনায় বিবার, শাকিরা, ম্যাডোনা ও বিটিএসের পাশাপাশি মঞ্চে উঠবেন আফ্রোবিট তারকা বার্না বয়, ভেনেজুয়েলার বিশ্বখ্যাত কন্ডাক্টর গুস্তাভো দুদামেল এবং নিউইয়র্কের পিএস২২ কোরাস। কোল্ডপ্লেও বিশেষ পরিবেশনায় অংশ নেবে।

বিশ্বকাপের ইতিহাসের অংশ হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাস্টিন বিবার। তাঁর কথায় ‘বিশ্বকাপ পুরো পৃথিবীকে এক সুতোয় বেঁধে রাখে। এই ঐতিহাসিক আয়োজনের অংশ হতে পারা আমার জন্য গর্বের। সবচেয়ে আনন্দের বিষয়, এই উদ্যোগ শিশুদের শিক্ষার জন্য কাজ করবে।’ বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’-এর অন্যতম শিল্পী বার্না বয়ও জানিয়েছেন, ফাইনালের মঞ্চে আফ্রিকার প্রতিনিধিত্ব করা তাঁর জন্য গর্বের। জানা গেছে, শাকিরার সঙ্গে গাওয়া এই গানটিও হাফ টাইম শোতে পরিবেশিত হতে পারে।

শুধু সংগীত তারকারাই নন, শিশুদের জন্যও থাকছে বিশেষ চমক। জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসেমি স্ট্রিটের পরিচিত চরিত্রগুলোর পাশাপাশি কারমিট দ্য ফ্রগ ও মিস পিগিও অংশ নেবে এ আয়োজনে। এ আয়োজনের লক্ষ্য শুধু বিনোদন নয়। হাফ টাইম শো থেকে প্রাপ্ত অর্থ ব্যয় হবে ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে। 

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও ফুটবলে অংশগ্রহণের সুযোগ বাড়াতে ১০০ মিলিয়ন মার্কিন ডলারের তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘বিশ্বে এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজনীয় জিনিসের কথা যদি ওঠে, তা শিক্ষার চেয়ে বড় কিছু হতে পারে না। তাই সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও ফুটবলে অংশগ্রহণের সুযোগ বাড়ানোর উদ্যোগে জাস্টিন বিবার, ম্যাডোনা, শাকিরা এবং বিটিএসকে পেয়ে আমরা গর্বিত।’


 

আরও পড়ুন

×