গানের বাইরে খুরশীদ আলমের জীবনের গল্প, দেখা যাবে প্রামাণ্যচিত্রে
খুরশীদ আলম
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬ | ১৪:৩২
গানের ভুবনে খুরশীদ আলমের পদচারণা কয়েক দশকের। সংগীতের এই দীর্ঘ সফরে তিনি মুখোমুখি হয়েছেন নানা অভিজ্ঞতার। ব্যক্তিজীবনেও জমা হয়ে আছে হাজারো গল্প; যার অনেকটা সংগীতপ্রেমীদের অজানা।
বরেণ্য এই শিল্পী সেসব জানা-অজানা গল্প এবার ওঠে এলো প্রামাণ্যচিত্রে। যার শিরোনাম ‘হৃদয়ে বাজে কী সুর’। এটি নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।
এই নির্মাতা জানান, ‘হৃদয়ে কী সুর বাজে’ প্রামাণ্যচিত্রে খুরশীদ আলম সংগীতজীবনের বিভিন্ন দিকের পাশাপাশি তাঁর ব্যক্তিজীবনের নানা অজানা গল্প, স্মৃতিচারণ এবং বাংলাদেশের সংগীতাঙ্গনে তাঁর অসামান্য অবদান উঠে এসেছে। দেশের সংগীতপ্রেমী দর্শকদের জন্য প্রামাণ্যচিত্রটি হবে একজন বরেণ্য শিল্পীকে নতুনভাবে জানার ও তাঁর বর্ণাঢ্য জীবন-সংগীতের পথচলা উপভোগ করার একটি বিশেষ আয়োজন।
প্রামাণ্যচিত্র নির্মাতার কথায়, মোঃ খুরশীদ আলম সদা হাস্যোজ্জ্বল প্রাণচঞ্চল একজন মানুষ। শিল্পী হিসেবে তিনি কত বড় মাপের, তা নতুন করে বলার প্রয়োজন পড়ে না। গান গাইতে তাঁর কোনো বাদ্যযন্ত্র লাগে না। মুখে মুখে সবসময় তাঁর গান থাকে। দেশি সংগীতে তাঁর অবদান মনে রাখার মতো।
অবাক করা বিষয় হলো, সংগীত ভুবনে সাফল্যের সঙ্গে দীর্ঘ পথ পাড়ি দিলেও কখনও তাঁর মনে অহম ভর করেনি। ব্যক্তি ও শিল্পী খুরশীদ আলম যে অভিন্ন তার অনেকটা স্পষ্ট হয়ে উঠেছে এই প্রামাণ্যচিত্রে।
আগামী ১ আগস্ট বরেণ্য এই শিল্পীর জন্মদিন। এ উপলক্ষে সেদিন বিকেল ৫টা ৪০ মিনিটে চ্যানেল আইতে ‘হৃদয়ে কী সুর বাজে’ প্রামাণ্যচিত্রটি প্রচার করা হবে।
- বিষয় :
- খুরশীদ আলম