আজ বাপ্পা শ্রোতা, ৮ শিল্পীর কণ্ঠে শুনবেন নিজের গান
বাপ্পা মজুমদার
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬ | ১৪:৫৬
গানের ভুবনে তিন যুগের পথ পাড়ি দিয়েছেন নন্দিত কণ্ঠশিল্পী ও সংগীতায়োজক বাপ্পা মজুমদার। সংগীতের এই দীর্ঘ সফরে তাঁর গাওয়া এবং সুর ও সংগীতায়োজন বেশ কিছু গান যেমন কালজয়ী হয়ে উঠেছে, তেমনি শ্রোতা মনে অনুরণন তুলে যাচ্ছে দীর্ঘ সময় ধরে। নিজস্বয়তা ধরে বাপ্পা যে অভিনব সৃষ্টি শ্রোতার কাছে তুলে ধরেছেন, তা দারুণভাবে অনুপ্রেরণা জুগিয়েছে তরুণ শিল্পীদের। তেমনই ৮ জন তারকা কণ্ঠশিল্পী ও সংগীতায়োজক আজ মঞ্চে উঠে গাইবেন বাপ্পা মুজমদারের জনপ্রিয় গানগুলো।
যেখানে বাপ্পা মজুমদার থাকবেন শুধু শ্রোতা হিসেবে। ‘সেলিব্রেটিং বাপ্পা মজুমদার’ শিরোনামে ভিন্নরকম এই সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হবে রাজধানীর বনানীতে অবস্থিত যাত্রা বিরতি রেস্তোরাঁয়। সন্ধ্যা ৭টা থেকে শুরু হতে যাওয়া এই সংগীত সন্ধ্যায় গাইবেন কণ্ঠশিল্পী এলিটা করিম, শুভ [ডি’রকস্টার তারকা], ফারহিন খান জয়িতা, জয় শাহরিয়ার, খৈয়াম সানু সন্ধি, ইউসুফ আহমেদ খান, কারিশমা সানু সভ্যতা ও ইমতিয়াজ সৌরভ। বাদ্যযন্ত্র পরিবেশনায় থাকবেন বিপু, রিয়াদ, নিপু ও রিমন। বাপ্পা মজুমদারকে গানে গানে শ্রদ্ধা জানাতে শিল্পী নিজ উদ্যোগে এ আয়োজন করছেন। তবে পুরো আয়োজনের নেতৃত্বে থাকছেন শিল্পী ও সংগীতায়োজক খৈয়াম সানু সন্ধি।
বাপ্পা মজুমদারের কথায়, শ্রোতা হিসেবে প্রিয় অনুজ শিল্পীদের কণ্ঠে নিজের গান শুনতে পাওয়া ভীষণ ভালো লাগার। যে শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে আজকের এই আয়োজন, আমৃত্য স্মরণীয় হয়ে থাকবে। কারণ শিল্পী জীবনের এ অন্যরকম এক পাওয়া; যার অনুভূতি কথা বলে বোঝানো যাবে না। সত্যি আমি সৌভাগ্যবান এমন কিছুর সাক্ষী হতে পেরে।
শিল্পী জয় শাহরিয়ার বলেন, আমরা যারা বাপ্পা মজুমদারের গান শুনে বেড়ে উঠেছি, তারা জানি গানের ভুবনে এই শিল্পী ও সংগীত পরিচালক কত কী উপহার দিয়ে গেছেন। গান আমাদের শিল্পী হিসেবে গড়ে ওঠার প্রেরণা জুগিয়েছে। তাই জীবদ্দশাতে নন্দিত এই শিল্পীকে শ্রদ্ধা একরকম কর্তব্য বলে মনে হয়েছে। কারণ প্রতিনিয়ত আমরা দেখি, সেই শিল্পীদের শ্রদ্ধা জানানো হচ্ছে, যারা আজ আমাদের মাঝে নেই। কেন একজন শিল্পী তাঁর জীবদ্দশাতে শ্রদ্ধা ও সম্মান পাবেন না? এই প্রশ্ন বারবার সামনে উঠে এসেছে। সেই ভাবনা থেকে আমরা কয়েকজন শিল্পী মিলে আজকের এই আয়োজনের পরিকল্পনা। ভাবতে ভালো লাগছে, প্রিয় শিল্পীকে শ্রোতা আসনে বসিয়ে তাঁর গাওয়া কালজয়ী গানগুলো শোনানোর সুযোগ এসেছে। আশা করছি, আজকের এই আয়োজন স্মরণীয় হয়ে থাকবে।’
জয় শাহরিয়ারের এই কথার সঙ্গে একমত পোষণ করেছেন অনুষ্ঠানের অন্যান্য শিল্পীরা। খৈয়াম সানু সন্ধির কথায়, বাপ্পা মজুমদার দেশীয় সংগীতের এক অনন্য নাম। কয়েক দশকের প্রচেষ্টায় বাংলা গানকে তিনি তাঁর নিজস্ব ধারা দিয়ে একটি অনন্য মর্যাদায় নিয়ে গেছেন। তাঁর অনবদ্য সৃষ্টি গুনে শেষ করা যাবে না। সেই অনবদ্য সৃষ্টির সুবাদে আমরা বাপ্পা মজুমদারকে অনেক ভালোবাসি। আমরা শুধু ভক্তই না, ভালোবাসা দিয়ে হয়েছি একনিষ্ঠ ভক্ত। এ কারণে আমরা তাঁকে সামনে এক সঙ্গে গাইব তাঁর গানগুলো। এর মধ্য দিয়ে একজন শিল্পীকে যে শ্রদ্ধা ও সম্মান জানানো হবে– তা একান্তই তাঁর প্রাপ্য।’
- বিষয় :
- বাপ্পা মজুমদার