‘নজরুলের সব ধরনের নাটকের সঙ্গে দর্শককে পরিচিত করে তুলতে হবে’
নজরুল নাট্যোৎসবের সংবাদ সম্মলেন বক্তারা
নজরুল নাটোৎসবের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উৎসব সমন্বয়ক গোলাম সরোয়ার। ছবি:সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬ | ১৯:০৭ | আপডেট: ২৪ জুলাই ২০২৬ | ১৯:১০
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ৪ দিনব্যাপী নাট্য উৎসবের আয়োজন করেছে নজরুল চর্চা কেন্দ্র বাঁশরী। আজ সকাল ১১ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষ্যে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এ সময় বাঁশরীর প্রতিষ্ঠাতা সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান ও উৎসব সমন্বয়ক নির্দেশক গোলাম সারোয়ারসহ উৎসব উদযাপন কমিটির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
রাজধানীর শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে আগামী ২৪ থেকে ২৮ চার দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়েছে। শিল্পকলা একাডেমীর দুটি হলসহ বহিরঙ্গনে প্রতিদিন বিকাল ৪টা থেকে নাটক, লেটুনাটক, কবিতা, গান ও নৃত্যের আয়োজন থাকবে। ‘জয় হোক জয় হোক শান্তির জয় হোক, সাম্যের জয় হোক, সত্যের জয় হোক জয় হোক’ ম্লোগান নিয়ে এ নাট্যোৎসবে পরিবেশিত হবে কবি নজরুল ইসলামের দশটি নাটক। নাট্যোৎসবের উদ্বোধনী আয়োজন থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে বিকেল ৫টায়। প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করবেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইসরাফিল শাহিন।
বাঁশরী’র প্রতিষ্ঠাতা এবং সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।
স্বাগত বক্তব্য দেবেন উৎসব সমন্বয়ক ও নাট্য নির্দেশক গোলাম সারোয়ার। উৎসবের উদ্বোধনী দিনে মঞ্চায়ন হবে সাজ্জাদ সাজু নির্দেশিত বাঁশরী রেপার্টরী থিয়েটার প্রযোজিত নাটক ‘বনের মেয়ে পাখি’।
এ ছাড়াও গোলাম সারোয়ার নির্দেশিত-বাঁশরী রেপার্টরী থিয়েটার প্রযোজিত নাটক আলেয়া, সোনিয়া খান নির্দেশিত-বরিশাল শিশু থিয়েটার প্রযোজিত নাটক পুতুলের বিয়ে, ধীমানচন্দ্র বর্মন নির্দেশিত-রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় প্রযোজিত নাটক ‘বউয়ের বিয়ে’, নূর হোসেন রানা নির্দেশিত জেনেসিস লিটল থিয়েটার গ্রুপ প্রযোজিত নাটক ‘সকাল বেলার পাখি’, গোলাম সারোয়ার নির্দেশিত বাঁশরী রেপার্টরী থিয়েটার প্রযোজিত নাটক ‘সেতু-বন্ধ’, শাহানা মনি নির্দেশিত সিরাজগঞ্জের বেলকুচি মাতৃভূমি কালচারাল একাডেমি প্রযোজিত নাটক পুতুলের বিয়ে, হাসান ফেরদৌস নির্দেশিত বহর নাট্য নৃত্যদল প্রযোজিত ‘স্বামী-স্ত্রীর ঝগড়া’, নৌশিন নাওয়ার মাসুদ পৃথিবী নির্দেশিত কুষ্টিয়ার ভোর হলে কুষ্টিয়া প্রযোজিত নাটক ‘পুতুলের বিয়ে’।
শামীমা আক্তার মুক্তা নির্দেশিত মেঠোপথ থিয়েটার প্রযোজিত নাটক ‘হারাধনের বিয়ে’ এর মঞ্চায়ন হবে। উৎসবে প্রতিদিন বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত মূল হল প্রাঙ্গণে মঞ্চে রয়েছে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি এবং নৃত্য পরিবেশনা।
এতে অংশ নেবে বাংলাদেশ নজরুলসংগীত শিল্পী পরিষদ, কাব্য কুহক, বাংলাদেশ আবৃত্তি শিল্পী সমন্বয় পরিষদ, বাঁশরীর শিল্পীবৃন্দ, সুরনন্দন-নজরুলসংগীত চর্চাকেন্দ্র, গেন্ডারিয়া কিশলয় ললিতকলা কেন্দ্র, জেমস অফ নজরুল, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ নজরুলসংগীত শিল্পী সংস্থা, গ্রহস্বর, কেন্দ্রীয় বাফা বুলবুল একাডেমি খিলগাঁও শাখাসহ আরও অনেক নজরুল গবেষণা প্রতিষ্ঠান।
সব আয়োজন সঞ্চালনায় থাকছেন টিটো মুন্সী ও আইরিন পারভীন লোপা। উৎসব আয়োজন প্রসঙ্গে বাঁশরী’র সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান বলেন, ‘কবি নজরুল ইসলামের সব ধরেনর নাটকের সঙ্গে দর্শক– শ্রোতাকে পরিচিত করে তুলতে হবে। এ লক্ষ্যেই কাজ করছে বাঁশরী। এবারে দ্বিতীয়বারের মতো আমাদের ‘বাঁশরী নজরুল নাট্যোৎসব ২০২৬’ আয়োজন করেছি। ’
উৎসব সমন্বয়ক ও নাট্য নির্দেশক গোলাম সারোয়ার বলেন, ‘লুপ্তপ্রায় লেটো শিল্প আঙ্গিককে নাগরিক সমাজে উপস্থাপন এবং কবি নজরুল ইসলামের নানা সৃষ্টিকর্ম তুলে ধরতেই নাট্যেৎসবের আয়োজন।আশা করছি, এবারও দর্শকের বেশ সাড়া পাব।’
- বিষয় :
- শিল্পকলা একাডেমি
- নজরুল উৎসব