ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
×

ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬ | ১৩:৪৭ | আপডেট: ০৬ আগস্ট ২০২৬ | ১৩:৫৩

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ার পর এবার বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ৫১ তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (টিআইএফএফ)-এ জায়গা করে নিয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা রুবাইয়াত হোসেন পরিচালিত চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।

৫ আগস্ট এক ই-মেইলের মাধ্যমে সমকালকে উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে এই তথ্য। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি  নির্মাতা নিজেও প্রকাশ করেন। একই সঙ্গে তিনি ছবিটির টিআইএফএফে প্রদর্শনীর সময়সূচিও প্রকাশ করেন।

সূচি অনুযায়ী, ১৬ সেপ্টেম্বর বিকেল ৪টা এবং ১৭ সেপ্টেম্বর রাত ১০টায় টিআইএফএফ লাইটবক্সের সিনেমা–৪-এ ছবিটির প্রদর্শনী হবে। এছাড়া ১৯ সেপ্টেম্বর দুপুর ১২টা ১৫ মিনিটে স্কশিয়াব্যাংক থিয়েটারের সিনেমা–৭-এ অনুষ্ঠিত হবে তৃতীয় প্রদর্শনী।

এর আগে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে নির্বাচিত হয়ে প্রথম বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে এ বিভাগে জায়গা করে নিয়ে ইতিহাস গড়ে।

মনস্তাত্ত্বিক হরর ঘরানার এই চলচ্চিত্রের গল্প সমকালীন ঢাকাকে ঘিরে। অতিপ্রাকৃত আবহের মধ্য দিয়ে সৌন্দর্য, নারীত্ব, বিয়ে এবং সমাজের নানা প্রত্যাশাকে তুলে ধরা হয়েছে এতে।

ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নবাগত জাইনীন চৌধুরী করিম। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী।

এবারের টিআইএফএফে বিশ্বের বিভিন্ন দেশের আলোচিত চলচ্চিত্রও প্রদর্শিত হবে। এর মধ্যে রয়েছে কান চলচ্চিত্র উৎসবে ক্যামেরা দ’অরজয়ী ‘বেনিমানা’, জুরি পুরস্কারপ্রাপ্ত ‘দ্য ড্রিমড অ্যাডভেঞ্চার’, ক্রিটিকস উইক বিজয়ী ‘লা গ্রাদিভা’, মে এল-তুখি পরিচালিত ‘উইমেন আননোন’, মুয়ায়াদ আলায়ান নির্মিত ‘কনভারসেশন উইথ দ্য সি’ এবং একাধিক পুরস্কারপ্রাপ্ত অ্যানিমেশন চলচ্চিত্র।

আরও পড়ুন

×