সড়ক দুর্ঘটনা
অল্পের জন্য প্রাণে বাঁচলেন মৌসুমী মৌ
মৌসুমী মৌ। ছবি: ফেসবুক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬ | ১৫:৪১
সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী মৌ। একটি ইভেন্ট শেষে ফেরার পথে তাঁকে বহনকারী গাড়িতে দ্রুতগতির একটি পিকআপ ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন।
দুর্ঘটনার পর নিজের শারীরিক অবস্থার বিষয়ে মৌসুমী মৌ জানান, বড় ধরনের কোনো ঝুঁকিতে তিনি নেই। তবে মাথা, বুক, হাত ও পায়ে আঘাত পাওয়ায় ব্যথা অনুভব করছেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভয়াবহ অভিজ্ঞতাও তুলে ধরেছেন তিনি।
ফেসবুক পোস্টে মৌসুমী মৌ লিখেছেন, “আলহামদুলিল্লাহ! অনেক বড় বিপদ থেকে গতকাল বেঁচে গেছি। শো শেষ করে আসার পথে একটা পিকআপ আমাদের ধাক্কা দেয়। আমি গাড়ির বাঁ দিক থেকে ডান দিকে ছিটকে পড়ি। মাথা, বুকে, পায়ে আর হাতে ব্যথা পাই। কিন্তু বড় ধরনের কোনো কিছু আমার হয়নি।”
দুর্ঘটনার সময় অল্পের জন্য আরও বড় বিপদ এড়ানোর কথাও উল্লেখ করেন তিনি। মৌসুমী জানান, তাদের গাড়ির ঠিক পেছনে মোটরসাইকেলে ছিলেন তাঁর মেকআপ আর্টিস্ট মুমিন।

তিনি লেখেন, ‘কয়েক সেকেন্ডের ব্যাপার। যদি মুমিনকে পিকআপ ধাক্কা দিত, তাহলে সে উড়ে চলে যেত। আর যদি আমার গাড়ির আরেকটু সামনে বা দরজায় আঘাত করত, তাহলে হয়তো আমিও আর জীবিত থাকতাম না।’
পিকআপচালকের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগও তুলেছেন এই অভিনেত্রী। তার ভাষ্য, চালকের আচরণ স্বাভাবিক মনে হয়নি এবং গাড়িটির ব্রেকেও সমস্যা ছিল।
মৌসুমী মৌ বলেন, ‘ড্রাইভারটা চরম বেয়াদব। ওর পিকআপের ব্রেক ঠিক নেই। তার আচরণে মনে হচ্ছিল কিছু খেয়ে সে গাড়ি চালাচ্ছে। পরে ওর মালিক এসে জানালেন, ওই চালকের গাড়ি চালানোর কথা ছিল না। কোনটা সঠিক, কোনটা বেঠিক জানি না। বেঁচে আছি, ভালো আছি—এটাই সবচেয়ে বড় কথা।’
দুর্ঘটনার পর মৌসুমীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বিশ্রাম নিচ্ছেন তিনি। তাঁর দ্রুত সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভকামনা জানিয়েছেন সহকর্মী ও ভক্তরা।
- বিষয় :
- মৌসুমী মৌ