অসুস্থ মিঠুনকে হাসপাতালে দেখতে গিয়ে আবেগপ্রবণ দেব
মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে দেব। ছবি: ইন্সটাগ্রাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬ | ১৪:৫০
অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন অভিনেতা ও তৃণমূলের সাংসদ দেব। শুক্রবার রাতে কলকাতার বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে গিয়ে মিঠুনের সঙ্গে দেখা করেন তিনি। মহাগুরুর শারীরিক অবস্থার খোঁজ নিয়ে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন দেব।
সম্প্রতি মিঠুন চক্রবর্তীর হাতে অস্ত্রোপচার হয়েছে। শুক্রবার সকালে তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়সহ আরও কয়েকজন। পরে রাতে হাসপাতালে পৌঁছান দেব।
মিঠুনের সঙ্গে দেবের সম্পর্ক দীর্ঘদিনের। রাজনৈতিকভাবে দুজন দুই শিবিরের হলেও ব্যক্তিগত সম্পর্কে তার কোনো প্রভাব পড়েনি। বরং বরাবরই মিঠুনকে নিজের কাছে বাবার মতো বলে মনে করেন দেব। এ কারণে রাজনৈতিক মহল থেকেও একাধিকবার সমালোচনার মুখে পড়েছেন তিনি। তবে সম্পর্কের জায়গায় কখনোই রাজনীতিকে গুরুত্ব দেননি এই অভিনেতা-সাংসদ।
লাদাখে ‘দেশু ৭’ সিনেমার শুটিং শেষ করে শুক্রবারই কলকাতায় ফিরেছেন দেব। সামনে পূজার সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। সিনেমাটির প্রযোজক ও অভিনেতা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি এই সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। এর সঙ্গে রয়েছে সাংসদের দায়িত্ব। এত ব্যস্ততার মধ্যেও মিঠুনের অসুস্থতার খবর পেয়ে তাঁকে দেখতে হাসপাতালে ছুটে যান দেব।

হাসপাতালে মিঠুনের সঙ্গে সাক্ষাতের দুটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন দেব। সেখানে আবেগঘন বার্তায় তিনি লিখেছেন, ‘তুমি সবসময়েই আমার কাছে বাবার মতো। তোমার সুস্বাস্থ্য, সুখ এবং যা কিছু প্রাপ্য, তার সবটাই যেন তুমি পাও—এটাই কামনা করি।’
একটি ছবিতে দেবের মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে দেখা যায় মিঠুনকে। ছবিগুলো প্রকাশের পর দেবের অনুরাগীরাও মিঠুনের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
মিঠুনের সঙ্গে দেবের ঘনিষ্ঠতার অন্যতম উদাহরণ ‘প্রজাপতি’ সিনেমা। সিনেমাতে বাবা-ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন দুজন। তাঁদের রসায়ন দর্শকদের কাছেও প্রশংসিত হয়। সিনেমাটির সাফল্যের পর মিঠুনের সঙ্গে আরও কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন দেব। তখনও রাজনৈতিক বিরোধের কারণে তাঁকে দলের ভেতর থেকে কটাক্ষের মুখে পড়তে হয়েছিল।
তবে বরাবরই নিজের অবস্থান স্পষ্ট রেখেছেন দেব। তাঁর মতে, রাজনীতির কারণে ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হওয়া উচিত নয়। তিনি বলেছিলেন, ‘যে রাজনীতি সম্পর্ককে সম্মান দেয় না, সেই রাজনীতি আমি করি না।’ সূত্র: সংবাদ প্রতিদিন
- বিষয় :
- দেব
- মিঠুন চক্রবর্তী