ক্রিকেটার রামানদীপকে বিয়ে করলেন অভিনেত্রী চার্লি
রামানদীপ সিং ও চার্লি চৌহান। ছবি: ইন্সটাগ্রাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬ | ১৮:১৮ | আপডেট: ০৮ আগস্ট ২০২৬ | ১৮:৩৮
ভারতের জাতীয় দলের ক্রিকেটার রামানদীপ সিংকে বিয়ে করেছেন টেলিভিশন অভিনেত্রী চার্লি চৌহান। ৭ আগস্ট পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে পাঞ্জাবি রীতিতে গুরুদ্বারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন অভিনেত্রী।
চার্লি ও রামানদীপ দীর্ঘদিন ধরেই নিজেদের সম্পর্ক আড়ালে রেখেছিলেন। বিয়ের পর অভিনেত্রী জানান, তাদের পরিচয় ও সম্পর্কের বয়স প্রায় আট বছর।
বিয়ের অনুষ্ঠানে রামানদীপকে দেখা যায় ক্রিম রঙের কারুকাজ করা শেরওয়ানি ও মেরুন পাগড়িতে। অন্যদিকে চার্লি পরেছিলেন মেরুন রঙের ঐতিহ্যবাহী লেহেঙ্গা। ভারী গয়নায় সেজে নববধূর সাজ সম্পূর্ণ করেন তিনি।

ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করে চার্লি লিখেছেন, ‘আমাদের আট বছরের পথচলা, অবশেষে চিরদিনের জন্য।’
বিয়েতে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন রামানদীপের কয়েকজন ক্রিকেটার বন্ধু। তাদের মধ্যে ছিলেন অর্শদীপ সিং, নামান ধীর, অশ্বিনী কুমার ও জসসিন্দর সিং। বিয়ের ছবি প্রকাশের পর নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেট ও বিনোদন জগতের অনেকেই। তাদের মধ্যে রয়েছেন ভারতীয় ক্রিকেটার শুভমন গিলও।
চার্লি চৌহান মূলত টেলিভিশন ধারাবাহিক ‘কাইসি ইয়ে ইয়ারিয়াঁ’–এ অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। এ ছাড়া তাকে ‘রোডিজ’, ‘বেস্ট ফ্রেন্ডস ফরএভার’, ‘প্যায়ার তুনে কিয়া কিয়া’ ও ‘নাচ বালিয়ে ৫’–এর মতো অনুষ্ঠানে দেখা গেছে।

এর আগে অভিনেতা ও নৃত্যশিল্পী কুনওয়ার অমরের সঙ্গে চার্লির সম্পর্ক ছিল। ‘নাচ বালিয়ে’ অনুষ্ঠানে একসঙ্গে অংশ নেওয়ার সুবাদে তারা টেলিভিশনের পরিচিত জুটি হয়ে উঠেছিলেন। পরে অবশ্য তাদের সম্পর্ক ভেঙে যায়।
অন্যদিকে রামানদীপ সিং বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড়। ২০২৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হওয়া কলকাতা নাইট রাইডার্স দলের অংশ ছিলেন তিনি। ক্রিকেটে তার যাত্রা শুরু হয় পাঞ্জানের হয়ে ২০১৬-১৭ মৌসুমের আন্তঃরাজ্য টি-টোয়েন্টি টুর্নামেন্টে। সূত্র: এনডিটিভি