ঢাকা শনিবার, ০৮ আগস্ট ২০২৬

‘টক্সিক’ ট্রেলার

একাধিক চরিত্রে বিধ্বংসী ইয়াশ, দেখা দিলেন কিয়ারা-নয়নতারাও

একাধিক চরিত্রে বিধ্বংসী ইয়াশ, দেখা দিলেন কিয়ারা-নয়নতারাও
×

ইয়াশ। ছবি: ট্রেলার থেকে

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬ | ২০:৫৫ | আপডেট: ০৮ আগস্ট ২০২৬ | ২০:৫৬

দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পেল কন্নড় তারকা ইয়াশ অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’–এর ট্রেলার। আজ সন্ধ্যায় মুক্তি পাওয়া ট্রেলারে যশকে দেখা গেছে একাধিক চরিত্রে।

১৯৮০-এর দশকের গোয়ার পটভূমিতে নির্মিত সিনেমাটিতে রয়েছে বন্দুকযুদ্ধ, বিস্ফোরণ, রক্তপাত, প্রতিশোধ ও পারিবারিক দ্বন্দ্বের নানা আভাস।

ট্রেলারের শুরুতেই উঠে আসে ইয়াশের অভিনীত চরিত্র ও তার ছেলের মধ্যকার জটিল সম্পর্ক। এরপর একের পর এক সহিংস দৃশ্যের মধ্য দিয়ে সামনে আসে গল্পের নানা দিক। যশকে এখানে রায়া ও রুমি চরিত্রে দেখা যাবে। বাবা-ছেলের আদর্শগত সংঘাতও গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হতে পারে বলে ট্রেলার থেকে ইঙ্গিত মিলেছে।

ট্রেলারে ইয়াশের সঙ্গে কিয়ারা আদভানি ও তারা সুতারিয়ার চরিত্রের সম্পর্কেরও আভাস রয়েছে। সিনেমায় কিয়ারাকে দেখা যাবে নাদিয়া চরিত্রে, নয়নতারা অভিনয় করেছেন গঙ্গা চরিত্রে। এ ছাড়া এলিজাবেথ চরিত্রে হুমা কুরেশি, রেবেকা চরিত্রে তারা সুতারিয়া এবং মেলিসা চরিত্রে রয়েছেন রুক্মিণী বসন্ত।

ট্রেলারের বিভিন্ন দৃশ্যে নারীবিদ্বেষ, রাগ, লোভ ও ক্ষমতার দ্বন্দ্বের মতো বিষয় উঠে এসেছে। শেষদিকে ইয়াশের রায়া ও টক্সিককে একে অপরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়তে দেখা যায়। ফলে বাবা-ছেলের সংঘাত সিনেমার গল্পে কী ধরনের মোড় আনবে, তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল।

‘টক্সিক’ পরিচালনা করেছেন গীতু মোহানদাস। সিনেমাটি কন্নড় ও ইংরেজি ভাষায় ধারণ করা হয়েছে। পরে হিন্দি, তেলেগু, তামিল, মালয়ালমসহ আরও কয়েকটি ভাষায় ডাব করে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সিনেমাটির শুটিং শুরু হয় ২০২৪ সালের আগস্টে এবং শেষ হয় ২০২৫ সালের অক্টোবরে। বেঙ্গালুরু, মুম্বাই, গোয়া, তুতিকোরিন ও জয়পুরের বিভিন্ন স্থানে হয়েছে দৃশ্যধারণ।

কিছুদিন আগে প্রকাশ পেয়েছে সিনেমাটির নতুন গান ‘মানমোহকা’। এতে ইয়াশের সঙ্গে কিয়ারা ও তারাকে দেখা গেছে। গানটিতে তিন চরিত্রের জটিল সম্পর্কের ইঙ্গিত পাওয়া গেছে।

এর আগে প্রকাশিত ‘টাবাহি’ গানটিও দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছিল। বিশেষ করে ইয়াশ ও কিয়ারার রসায়ন এবং সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যের উপস্থাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছিল মিশ্র প্রতিক্রিয়া।

ভেঙ্কট কে. নারায়ণ ও ইয়াশের প্রযোজনায় আগামী ২৬ আগস্ট বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সূত্র: ইন্ডিয়া টুডে

আরও পড়ুন

×