মুহূর্তটি চিরকাল আগলে রাখবো: অপূর্ব
জিয়াউল ফারুক অপূর্ব। ছবি: ফেসবুক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬ | ১৬:৪২
অভিনয়ের পাশাপাশি সংগীতেও রয়েছে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর আগ্রহ। অবসরে গিটার হাতে গান গেয়ে বন্ধুদের আড্ডা জমিয়ে তোলার অভ্যাস তাঁর পুরোনো। শুধু ব্যক্তিগত পরিসরেই নয়, বিভিন্ন সময় মঞ্চেও গান পরিবেশন করতে দেখা গেছে এই অভিনেতাকে। তবে এবার আর কোনো ঘরোয়া আয়োজন বা নাটকের দৃশ্যপট নয়, সরাসরি জমকালো কনসার্টের মঞ্চ মাতালেন এই তারকা।
দেশের গণ্ডি পেরিয়ে সুদূর আমেরিকার নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো তার একক গান পরিবেশনা ‘অপূর্ব মিউজিক্যাল নাইট’। গত ৮ আগস্ট নিউ ইয়র্কের মঞ্চে সুরের দ্যুতি ছড়িয়ে উপস্থিত প্রবাসীদের মুগ্ধতায় ভাসান তিনি।
অভিনয়শিল্পী থেকে এক রাতের জন্য পুরোদস্তুর কনসার্ট পারফর্মার রূপে আত্মপ্রকাশ করে প্রবাসীদের ভালোবাসায় সিক্ত হন এই অভিনয়ে সফল মুখ। অনুষ্ঠান শেষে সেই অবিস্মরণীয় অভিজ্ঞতার একগুচ্ছ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

ছবিগুলোর ক্যাপশনে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে অপূর্ব লেখেন, ‘এনওয়াইসি, তুমি আমার হৃদয় জয় করে নিয়েছো! গত রাতটি যেন একটি স্বপ্ন সত্যি হওয়ার মতো ছিল। সেই মঞ্চে দাঁড়িয়ে তোমাদের সবার অফুরন্ত উদ্দীপনা ও ভালোবাসা অনুভব করার প্রতিটি মুহূর্ত আমি চিরকাল আগলে রাখবো।’
কনসার্টটি সফলভাবে সম্পন্ন হওয়ায় দর্শকদের প্রতি বিনম্র কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই তারকা। মন্তব্যের ইতি টেনে তিনি লেখেন, ‘আমার একক শো-টিকে এমন এক অবিস্মরণীয় সাফল্য এনে দেওয়ার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। যারা কনসার্টে এসে সাফল্যমণ্ডিত করে তুলেছো, তাদের সবার প্রতি আমার গভীর কৃতজ্ঞতা।’
- বিষয় :
- জিয়াউল ফারুক অপূর্ব
- বিনোদন
- গান
- সংগীত