আসছে নতুন অতিথি, এর মধ্যেই বড় সিদ্ধান্ত দীপিকার
দীপিকা পাড়ুকোন। ছবি: ইন্সটাগ্রাম
আনন্দ প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬ | ১৪:০৪ | আপডেট: ১২ আগস্ট ২০২৬ | ১৪:০৫
সংসারে নতুন অতিথির অপেক্ষা। এর মাঝেও কাজ থেকে নিজেকে সরিয়ে নেননি বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। যদিও অন্তঃসত্ত্বা অবস্থায় নিয়মিত শুটিং করছেন তিনি। এবার কাজ থেকে নিচ্ছেন বিরতি। দ্বিতীয়বারের মতো মা হতে যাওয়া এই অভিনেত্রী বর্তমানে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গে অ্যাটলি পরিচালিত সিনেমা ‘রাকা’র শুটিং শেষ করতে ব্যস্ত আছেন।
এর আগে ‘আট ঘণ্টার বেশি কাজ করতে পারব না’–শর্ত দেওয়ায় ‘স্পিরিট’ সিনেমা থেকে বাদ পড়েছিলেন দীপিকা পাড়ুকোন। এরপর ‘কল্কি ২’ নির্মাতাদেরও একই শর্ত দেওয়ায় বলিউডে তার বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগও ওঠে। ২০২৫ সালজুড়ে দীপিকার ‘আট ঘণ্টার শিফটের দাবি’ নিয়ে কম চর্চা চলেনি। রীতিমতো বলিউড, দক্ষিণী সিনেদুনিয়ায় ঝড় তুলে দিয়েছিলেন তিনি। কেন এই ৮ ঘণ্টা কাজের জন্য দীপিকা এত সরব হয়েছিলেন। কারণ, দীপিকা দ্বিতীয়বার সন্তান জন্ম দিতে যাচ্ছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দীপিকা এখন অন্তঃসত্ত্বার অষ্টম মাসে। আগামী মাসেই তার দ্বিতীয় সন্তানের জন্ম হতে পারে। তার আগেই ‘রাকা’য় নিজের অংশের শুটিং শেষ করতে চাইছেন অভিনেত্রী। প্রয়োজনে রাত পর্যন্ত সেটে থেকে কাজ করছেন তিনি। তার এই পেশাদারিত্বে মুগ্ধ সিনেমাটির পুরো টিম। কল্পবিজ্ঞান ও ফ্যান্টাসির মিশেলে নির্মিত হচ্ছে ‘রাকা’। সিনেমাটিতে থাকছে বড় পরিসরের অ্যাকশন ও লড়াইয়ের দৃশ্য। ২০২৭ সালে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।
দীপিকার হাতে থাকা আরেকটি আলোচিত সিনেমা হলো শাহরুখ খানের ‘কিং’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমায় শাহরুখ ও দীপিকার সঙ্গে অভিনয় করছেন সুহানা খান, অভিষেক বচ্চন, রাঘব জুয়াল, অভয় ভার্মা, সৌরভ শুক্লা ও রানী মুখার্জি। আগামী ২৪ ডিসেম্বর সিনেমাটির মুক্তির কথা রয়েছে।
দীপিকার ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, দ্বিতীয় সন্তানের জন্মের আগে কাজের প্রতিশ্রুতিগুলো শেষ করে যেতে চাইছেন অভিনেত্রী। শুটিংয়ের সময় শারীরিক অবস্থার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে টিম। তবে নিজের দায়িত্বের জায়গা থেকে কোনো আপস করতে চাইছেন না দীপিকা।
- বিষয় :
- দীপিকা পাড়ুকোন
- বলিউড