ঢাকা বুধবার, ১২ আগস্ট ২০২৬

চঞ্চল চৌধুরী এবার শমসের, ম্যাজিক দেখানোর অপেক্ষায় রাফী

চঞ্চল চৌধুরী এবার শমসের, ম্যাজিক দেখানোর অপেক্ষায় রাফী
×

‘আন্ধার’ সিনেমার একটি দৃশ্যে চঞ্চল চৌধুরী। ছবি: ফেসবুক

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬ | ১৬:১৬

নির্মাতা রায়হান রাফীর নতুন সিনেমা ‘আন্ধার’ নিয়ে দর্শকের আগ্রহ দিন দিন বাড়ছে। কয়েক দিন আগে একে একে ‘আনঅফিশিয়াল ফার্স্ট লুক’ প্রকাশের ঘোষণা দিয়েছিলেন রাফী। করছেনও তাই। নাজিফা তুষি ও ফররুখ আহমেদ রেহানের পর এবার সামনে আনলেন অভিনেতা চঞ্চল চৌধুরীর ফার্স্ট লুক।

সিনেমায় চঞ্চল চৌধুরীর চরিত্রের নাম শমসের। তার ফার্স্ট লুক প্রকাশ করে অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন রায়হান রাফী।

আজ দুপুরে একটি পোস্ট করে নির্মাতা লিখেছেন, ‘চঞ্চল চৌধুরীর সঙ্গে দুবার কাজ করার সৌভাগ্য হয়েছে। কিন্তু দুবারই ছিল ক্যামিও-টাইপ চরিত্রে। তাই উনার পুরো ম্যাজিকটা হয়তো আমরা স্ক্রিনে পাইনি।’

চঞ্চল চৌধুরীর অভিনয় প্রতিভা নিয়ে রাফী আরও লিখেছেন, ‘বাংলাদেশের কোনো সিনেমা দেখে আমার কখনো মনে হয়নি—হ্যাঁ, চঞ্চল ভাই তার পুরো ট্যালেন্ট দেখাতে পেরেছেন। সমস্যা হচ্ছে, ভদ্রলোকের ট্যালেন্টের যেন শেষ নেই। তাই পুরোটা দেখানো আদৌ সম্ভব কি না, সেটাও জানি না।’

‘আন্ধার’-এ চঞ্চল চৌধুরীর অভিনয়ের ভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করেছেন জানিয়ে রাফী বলেন, ‘আমি চেষ্টা করেছি, চঞ্চল ভাই আসলে কী জিনিস, তার অন্তত কিছুটা হলেও দর্শকদের দেখানোর। আর আমরা পুরো টিম মনেপ্রাণে বিশ্বাস করি—শমসের চরিত্রে উনি যা করেছেন, সেই ম্যাজিক অন্য কারও পক্ষে সম্ভব ছিল না।’

রাফীর প্রতিটি পোস্ট ঘিরেই দর্শকের মধ্যে তৈরি হচ্ছে আগ্রহ। সিনেমাটির অভিনয়শিল্পী ও প্রযোজকের পাশাপাশি সাধারণ দর্শকরাও মন্তব্য করছেন। তাদের বেশির ভাগেরই প্রশ্ন—‘আন্ধার’ কবে মুক্তি পাবে?

তবে মুক্তির তারিখ এখনো ঘোষণা করেননি নির্মাতা। জানিয়েছেন, মুক্তির আগে পর্যায়ক্রমে সিনেমাটির পোস্টার, টিজার ও ট্রেলার প্রকাশ করা হবে। আগামী সেপ্টেম্বর ‘আন্ধার’ সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

গাজীপুর ও ময়মনসিংহের বিভিন্ন স্থানে সিনেমাটির বেশির ভাগ শুটিং হয়েছে। সিনেমাটির গল্পের পেছনেও রয়েছে ভিন্ন ধরনের প্রেক্ষাপট।

দেশের জনপ্রিয় দুই ব্যান্ডশিল্পী—অর্থহীনের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরী দীর্ঘদিন ধরে ভৌতিক লোককাহিনি ও অতিপ্রাকৃত ঘটনা নিয়ে আগ্রহী। দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে তারা সংগ্রহ করেছেন অসংখ্য ভূতের গল্প। সেই অভিজ্ঞতা ও সংগৃহীত গল্পের ভিত্তিতেই নির্মিত হয়েছে ‘আন্ধার’।

আরও পড়ুন

×