ঢাকা বুধবার, ১২ আগস্ট ২০২৬

ফের লন্ডনে ইলিয়াস কাঞ্চন, নিসচা নিয়ে দিয়ে গেলেন বিশেষ বার্তা

ফের লন্ডনে ইলিয়াস কাঞ্চন, নিসচা নিয়ে দিয়ে গেলেন বিশেষ বার্তা
×

ইলিয়াস কাঞ্চন। ছবি: সমকাল

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬ | ১৮:২০ | আপডেট: ১২ আগস্ট ২০২৬ | ১৮:৩১

দেশে সংক্ষিপ্ত সফর শেষে চিকিৎসার জন্য আবারও লন্ডনে পাড়ি জমিয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। বুধবার সকাল ১০টায় তিনি ঢাকা ছাড়েন বলে জানান নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ।

টানা ১৫ মাস ধরে লন্ডনে চিকিৎসা নেওয়ার পর গত ৩ আগস্ট দেশে আসেন ইলিয়াস কাঞ্চন। বর্তমানে তিনি আগের চেয়ে ভালো আছেন বলে জানিয়েছেন তার ছেলে মিরাজুল মইন জয়।

তিনি বলেন, ‘আব্বুকে (ইলিয়াস কাঞ্চন) আর কেমো থেরাপি দিতে হবে না। এই ধাপে আব্বুর ইমো থেরাপি আছে। ডাক্তাররা আশাবাদী, তিনি সুস্থ হয়ে উঠবেন। সবার কাছে আব্বুর জন্য দোয়া চাই।’

ইলিয়াস কাঞ্চন ও তার ছেলে মিরাজুল মইন জয়। ছবি: সমকাল

ইলিয়াস কাঞ্চন দেশ ছাড়ার আগের রাতে দীর্ঘ আলাপ করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ। এসময় অভিনেতা নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন। পাশাপাশি তার স্বপ্নের সংগঠন নিয়ে কাজ করার জন্য তাগিদ দেন বলে জানিয়েছেন লিটন।

তিনি বলেন, ‘গতকাল রাতে প্রায় পাঁচ ঘণ্টা একসঙ্গে ছিলাম। তিনি বারবার একটি কথাই বলছিলেন, আমার জন্য দোয়া করো। নিরাপদ সড়ক চাই নিয়ে কাজ করো। তোমরা সবাই মিলে সংগঠনটিকে একটা জায়গায় নিয়ে যাবে, সেই দোয়া করি।’

ব্রেন টিউমার ধরা পড়ার পর ২০২৫ সালের এপ্রিল থেকে যুক্তরাজ্যে চিকিৎসা নিচ্ছেন ইলিয়াস কাঞ্চন। গত বছরের আগস্টে লন্ডনের একটি হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা টিউমারের বড় একটি অংশ অপসারণ করতে সক্ষম হলেও ঝুঁকির কারণে পুরো টিউমার অপসারণ করা সম্ভব হয়নি। পরে তাকে ব্রেন ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানানো হয়। এরপর শুরু হয় দীর্ঘ ও কঠিন চিকিৎসা।

এবার লন্ডনে ফিরে মাউন্ট ভার্নন হাসপাতালে আবারও চিকিৎসা শুরু হবে। করাতে হবে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা।

আরও পড়ুন

×