ঢাকা বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

কলকাতায় পা রেখেই নেতাজির বাড়িতে সানি দেওল

কলকাতায় পা রেখেই নেতাজির বাড়িতে সানি দেওল
×

নেতাজি ভবন ঘুরে দেখেন সানি দেওল

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬ | ১৬:০৯ | আপডেট: ১৩ আগস্ট ২০২৬ | ১৬:১২

নতুন সিনেমার প্রচারে কলকাতায় এসে ঐতিহাসিক নেতাজি ভবন ঘুরে দেখলেন বলিউড অভিনেতা সানি দেওল। বুধবার কলকাতায় পা রেখেই পরিচালক রাজকুমার সন্তোষীকে সঙ্গে নিয়ে এলগিন রোডের নেতাজি সুভাষচন্দ্র বসুর ঐতিহাসিক বাসভবনে যান তিনি।

নেতাজি ভবনে সানি দেওল ও রাজকুমার সন্তোষীকে স্বাগত জানান অধ্যাপক সুগত বসু। পরে তিনি তাদের ঐতিহাসিক ভবনের বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখান। নেতাজির ব্যবহৃত বিভিন্ন স্মৃতিবিজড়িত সামগ্রীও তাদের দেখানো হয়।

দেশনায়কের ঘর ও তার ব্যবহৃত জিনিসপত্র দেখে অভিভূত হন সানি দেওল। পরিদর্শনের সময় নিজের মোবাইল ফোনে নেতাজি ভবনের বিভিন্ন মুহূর্তের ছবিও ধারণ করেন অভিনেতা। মহান স্বাধীনতা সংগ্রামীর প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে গিয়েছিলেন সানি ও সন্তোষী।

নেতাজি ভবনের পাশাপাশি কলকাতার অন্যতম ঐতিহাসিক স্থাপনা ভিক্টোরিয়া মেমোরিয়ালও ঘুরে দেখেন সানি। সেখানে একটি হলুদ ট্যাক্সির সামনে দাঁড়িয়ে ছবিও তোলেন তিনি। পরে সেই ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন অভিনেতা।

মূলত নতুন সিনেমার প্রচারের অংশ হিসেবেই সানির এই কলকাতা সফর। আগামী শুক্রবার মুক্তি পাওয়ার কথা রাজকুমার সন্তোষী পরিচালিত ‘বাটোয়ারা ১৯৪৭’ সিনেমাটির। এতে সানি দেওলের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রীতি জিনতা ও শাবানা আজমি।

দীর্ঘ সময় পর ফের সানি দেওল ও রাজকুমার সন্তোষীর জুটি বড় পর্দায় ফিরছে। এর আগে ‘ঘায়াল’, ‘দামিনী’ ও ‘ঘটক’-এর মতো সিনেমায় একসঙ্গে কাজ করেছেন তারা। ফলে নতুন সিনেমাটি ঘিরেও দর্শক ও অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।

আরও পড়ুন

×