ঢাকা বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

নতুন মাইলফলকে মনির খান

নতুন মাইলফলকে মনির খান
×

মনির খান। ছবি: ফেসবুক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬ | ১৮:০০ | আপডেট: ১৩ আগস্ট ২০২৬ | ১৮:০৫

বাংলাদেশের কণ্ঠশিল্পীদের মধ্যে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে এককভাবে ৩০ লাখ সাবস্ক্রাইবারের রেকর্ড গড়লেন জনপ্রিয় গায়ক মনির খান। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে এক উৎসবমুখর পরিবেশে এই অর্জন উদযাপিত হয়।

‘মেধাস্বত্ব সুরক্ষায় কপিরাইটের ভূমিকা এবং মনির খান অফিশিয়াল ইউটিউব চ্যানেলের সফলতা’ শীর্ষক আলোচনা সভায় বিষয়টি জানানো হয়। এটি আয়োজন করে সিএলএপি মিউজিক পাবলিশিং ও পাথওয়ে অনলাইন ডেভেলপমেন্ট লিমিটেড।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। গীতিকার ও সুরকার মিল্টন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী মিলন মাহমুদ, খুরশিদ আলম, সংগীত পরিচালক ও সুরকার শেখ সাদী খান, গীতিকবি রফিকুজ্জামান প্রমুখ।

মনির খান বলেন, ‘দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে ইউটিউবে এই ত্রিশ লাখ সাবস্ক্রাইবার হওয়ার পেছনে আমার অগুণিত শ্রোতা ও ভক্তদের অবদান অনস্বীকার্য। একইসঙ্গে আমার সংগীত ইন্ডাস্ট্রির যারা সহকর্মী রয়েছেন, যেমন-গীতিকার, সুরকার, সংগীত পরিচালক এবং যারা পেছন থেকে যন্ত্রাংশ নিয়ে কাজ করেন, ভিডিওতে যারা ক্যামেরার পেছনে কাজ করেন এবং চ্যানেলটির পেছন থেকে যারা কারিগরিভাবে সহযোগিতা করেছেন; তাদের সবার প্রতি কৃতজ্ঞতা।’

তিনি বলেন, ‘আমি সবসময় চেয়েছি, দর্শক-শ্রোতাদের যেন সুস্থ ধারার সুন্দর ও সাবলীল বাংলা ভাষার গান উপহার দিতে পারি। তাদেরও বিভিন্ন সময় চাহিদা ছিল। আমিও চেষ্টা করেছি তাদের চাহিদা অনুযায়ী গান করার। সেটি হোক চলচ্চিত্র কিংবা সোলো মিউজিক ভিডিও, কখনো চেষ্টার ত্রুটি রাখিনি। জানি না কতটুকু পেরেছি। কিন্তু এতটুকু বুঝতে পারি, সবাই আমাকে সাদোরে গ্রহণ করে নিয়েছে বলেই এই সফলতা অর্জন সম্ভব হয়েছে। কেননা, আমার সমসাময়িক কিংবা তারও আগে-পরে আরও অনেক শিল্পী ইউটিউবে যাত্রা করলেও সবাই আমাকে গ্রহণ করে নিয়েছে।’

তিন বারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ তারকা বলেন, ‘আমার এতবড় সফলতায় আপনাদের সবার যেমন অবদান রয়েছে, আশা করছি আগামীতে আপনারা সবাই একইভাবে পাশে থাকবেন। আপনাদের সঙ্গে নিয়ে আরও বহুদূর এগিয়ে যেতে চাই।’

গত এক দশকে চ্যানেলটিতে বিভিন্ন সময় ৯৪৮টি ভিডিও আপলোড করা হয়েছে। এ পর্যন্ত মোট ভিউ হয়েছে ১০৪ কোটি ৭২ লাখ ৭৪ হাজার ৩৮৮।

আরও পড়ুন

×