সিয়ামের ‘আন্ধার’ জগতের প্রথম ঝলক
‘আন্ধার’ সিনেমায় সিয়াম আহমেদের ফার্স্ট লুক। ছবি: ফেসবুক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬ | ২০:২২
নির্মাতা রায়হান রাফীর আসন্ন সিনেমা ‘আন্ধার’। কয়েক দিন আগে একে একে ‘আনঅফিশিয়াল ফার্স্ট লুক’ প্রকাশের ঘোষণা দিয়েছিলেন রাফী। করছেনও তাই। নাজিফা তুষি, আফসানা মিমি, ফররুখ আহমেদ রেহান ও চঞ্চল চৌধুরীর পর এবার সামনে আনলেন নায়ক সিয়াম আহমেদকে।
সিয়ামের চরিত্রের নাম দেলোয়ার। তার ফার্স্ট লুক প্রকাশ করে অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন রায়হান রাফী।
আজ সন্ধ্যায় একটি পোস্ট করে নির্মাতা লিখেছেন, “আমি সবসময় চেষ্টা করি আমার সিনেমার নায়কদের আলাদা মানুষ হিসেবে দাঁড় করাতে। ‘পোড়ামন ২’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’, ‘তাণ্ডব’— এর নায়কের সঙ্গে আরেকটার কোনও মিল পাবেন না। কিন্তু এতদিনেও একেবারে ক্লাসিক হিরো চরিত্র নিয়ে কাজ করা হয়নি। ‘আন্ধার’ আমাকে সেই সুযোগ দিয়েছে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের প্রেক্ষাপটে এমন একজন নায়ক—যে শারলক হোমস বা ব্যাটম্যানের মতো অশুভ শক্তির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। যে মানুষের পাশে দাঁড়ায় শুধু এই কারণে যে মানুষটা বিপদে। এর পেছনে তার কোনও ব্যক্তিগত লাভ নেই, কোনও প্রতিশোধ নেই। এই ধরনের চরিত্র আমাদের গল্পে খুব একটা দেখা যায় না। আন্ধার করতে গিয়ে মনে হয়েছে, আমাদের এমন নায়ক খুব দরকার। আর সেই চরিত্রের খোঁজ করতে গিয়েই আমরা পেয়েছি সিয়াম আহমেদকে।”
এই সিনেমার সিয়ামের চরিত্রের নাম দেলোয়ার, যিনি পেশায় ডিটেকটিভ। সিয়ামের চরিত্রকে পরিচয় করে দিয়ে রাফী লিখেছেন, ‘সিয়াম তার সবটুকু দিয়ে ডিটেকটিভ দেলোয়ারকে জীবন্ত করে তুলেছে। শুটিংয়ের আগে এই চরিত্রে অনেককেই ভেবেছি। কিন্তু শুটিং শেষ হওয়ার পর মনে হয়েছে—দেলোয়ার মানেই সিয়াম। এখন এই চরিত্রে অন্য কাউকে কল্পনাই করতে পারি না।’
এরপর নিজের ফার্স্ট লুকটি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন সিয়াম আহমেদ। তিনি লিখেছেন, “একজন অভিনেতার জীবনে মাঝে মাঝে এমন কিছু চরিত্র আসে যেগুলো একইসাথে খুব ডিমান্ডিং অ্যান্ড ডেলিশিয়াস হয়। যে চরিত্রে সুযোগ থাকে নিজেকে বহুরূপী বানানোর। যেখানে চাইলেই সিয়াম আহমেদ হয়ে যেতে পারে ডিটেক্টিভ দেলোয়ার। রায়হান রাফী, সাকিব ভাই, আদনান ভাইরা যেভাবে দেলোয়ারকে পর্দায় দেখতে চেয়েছেন সেভাবে আমি ফুটিয়ে তুলতে পেরেছি কী না আমি জানি না। কিন্তু আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি এটা আমি জানি। আমার চরিত্র পেশায় ডিটেক্টিভ কিন্তু রহস্যের এই মায়াজগতে আমার নিজেরও একটা ‘আন্ধার’ জগত আছে। ‘আন্ধার’ আসছে, আসছে ডিটেক্টিভ দেলোয়ার।”
রাফীর প্রতিটি পোস্ট ঘিরেই দর্শকের মধ্যে তৈরি হচ্ছে আগ্রহ। সিনেমাটির অভিনয়শিল্পী ও প্রযোজকের পাশাপাশি সাধারণ দর্শকরাও মন্তব্য করছেন। তাদের বেশির ভাগেরই প্রশ্ন—‘আন্ধার’ কবে মুক্তি পাবে?
তবে মুক্তির তারিখ এখনো ঘোষণা করেননি নির্মাতা। জানিয়েছেন, মুক্তির আগে পর্যায়ক্রমে সিনেমাটির পোস্টার, টিজার ও ট্রেলার প্রকাশ করা হবে। আগামী সেপ্টেম্বর ‘আন্ধার’ সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
গাজীপুর ও ময়মনসিংহের বিভিন্ন স্থানে সিনেমাটির বেশির ভাগ শুটিং হয়েছে। সিনেমাটির গল্পের পেছনেও রয়েছে ভিন্ন ধরনের প্রেক্ষাপট।
দেশের জনপ্রিয় দুই ব্যান্ডশিল্পী-অর্থহীনের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরী দীর্ঘদিন ধরে ভৌতিক লোককাহিনি ও অতিপ্রাকৃত ঘটনা নিয়ে আগ্রহী। দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে তারা সংগ্রহ করেছেন অসংখ্য ভূতের গল্প। সেই অভিজ্ঞতা ও সংগৃহীত গল্পের ভিত্তিতেই নির্মিত হয়েছে ‘আন্ধার’।
- বিষয় :
- সিয়াম আহমেদ
- রায়হান রাফী
- সিনেমা