জেমসের ইউরোপ ট্যুরে আইয়ুব বাচ্চুকে স্মরণ
ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬ | ১৫:০০ | আপডেট: ১৪ আগস্ট ২০২৬ | ১৫:০৬
আইয়ুব বাচ্চুর সঙ্গে জেমসের পরিচয় ১৯৮০ সালের শুরুর দিকে। এরপর দীর্ঘ ৪০ বছরের সম্পর্ক তাদের। আইয়ুব বাচ্চুর প্রয়াতের খবরে কনসার্টে জেমসের চোখের জল দেখেছিলেন দেশবাসী। এরপর গণমাধ্যমে জেমস বলেছিলেন, ‘বাচ্চু ভাইয়ের সঙ্গে আমার যে সম্পর্ক, সেটা আসলে বলে বোঝানো যাবে না। বিভিন্ন সময়ে কারণে-অকারণে আমরা একজন আরেকজনের পাশে সব সময় ছিলাম।
সম্পর্কের এই গভীরতার কথা কখনও বোঝাতে পারব না। কেউ হয়তো জানবেও না যে আমাদের একের হৃদয়ে অপরের জন্য কতটা জায়গা রাখা আছে। আমাদের মধ্যে একটা সুস্থ প্রতিযোগিতা ছিল। সেটা ভালো গান তৈরির প্রতিযোগিতা। সেখানে কোনো ঈর্ষা ছিল না। যখন যেখানে দেখা হতো, একে অপরকে জড়িয়ে ধরেছি পরম ভালোবাসায়।’ এরপর আইয়ুব বাচ্চুহীন চলছে বাংলাদেশের সংগীত ইন্ডাস্ট্রি। জেমসও গিটার হাতে গাইছেন দেশ থেকে দেশান্তর।
গেল জুলাইয়ের শেষ সপ্তাহে গান নিয়ে ইউরোপ ট্যুর শুরু করেছেন ‘নগর বাউল’ জেমস। লন্ডনে কনসার্টের মাধ্যমে শুরু হয় তাঁর এই গান ভ্রমণ। গাওয়ার তালিকায় আছে পর্তুগাল, সাইপ্রাস, রোম, ভেনিস ও সুইডেন। এই ট্যুরের বিশেষ আকর্ষণ হিসেবে প্রথমবারের মতো পর্তুগালে কনসার্ট করলেন তিনি। ফলে দেশটিতে লাখ লাখ প্রবাসী বাংলাদেশিরা সরাসরি জেমসের গান শোনার সুযোগ পেয়েছেন।
এই গান সফরের আওতায় এবার ইতালির রাজধানী রোমে এক যুগ পর আবারও গান পরিবেশন করতে যাচ্ছেন জেমস। এ উপলক্ষেই রোমের একটি অভিজাত হোটেলের হলরুমে আয়োজিত হয় সংবাদ সম্মেলন। সেখানেই নতুন করে গিটারের জাদুকর আইয়ুব বাচ্চুকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন জেমস। পাশাপাশি বাংলা সংস্কৃতিকে নতুন প্রজন্মের শিল্পীরা আরও সামনে এগিয়ে নিয়ে যাবে– এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। এ সময় প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতার কথাও তুলে ধরেন জনপ্রিয় এ শিল্পী।
গান নিয়ে ইউরোপ ভ্রমণ প্রসঙ্গে জেমসের মুখপাত্র ও নগর বাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, লন্ডনে পারফর্ম করার পরপরই তারা ছুটে এসেছেন পর্তুগালে। ২৬ জুলাই দেশটির রাজধানী লিসবেনে আয়োজিত কনসার্টে অংশগ্রহণ করি। এরপর কনসার্ট হয় সাইপ্রাসে। ৯ আগস্ট সাইপ্রাসে কনসার্ট করার পর ইতালির উদ্দেশে যাত্রা করি। আগামী ১৬ আগস্ট ইতালির রোমে অনুষ্ঠিত হবে প্রথম কনসার্ট।
দ্বিতীয় আয়োজন থাকছে জলের ওপর ভাসমান শহর ভেনিসে। ইতালি পর্ব শেষে ইউরোপের সফরের পর কনসার্ট হবে ৫ সেপ্টেম্বর সুইডেনে। সবগুলো কনসার্ট আয়োজন করেছে স্থানীয় ইভেন্ট অর্গানাইজাররা। যে কারণে কনসার্ট সংখ্যা আরও বাড়তে পারে, যার আভাস মিলেছে আয়োজকদের পক্ষ থেকে।
রবিন বলেন, ইউরোপসহ অন্যান্য মহাদেশে এমন ধারাবাহিক কনসার্ট করার অভিজ্ঞতা রয়েছে জেমসের। প্রতিটি সফরে দেখা গেছে, শো নির্দিষ্ট সংখ্যার মধ্যে থাকেনি। দর্শক-শ্রোতাদের আগ্রহে বাড়াতে হয়েছে কনসার্টের সংখ্যা। যেহেতু সংগীতপ্রেমীদের ভালোবাসার আহ্বানে সাড়া দিতেই জেমস দেশ-বিদেশের মঞ্চে ছুটে যান, তাই কনসার্ট সংখ্যা বেড়ে যাওয়ার বিষয়টি স্বাভাবিক বলেই মনে করেন।
এদিকে ইউরোপ সফর শেষ হতে না হতেই জেমস প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে ছুটবেন ওশেনিয়া মহাদেশের অস্ট্রেলিয়ার উদ্দেশে। অস্ট্রেলিয়ায় আগেও সফর করেছেন। তবে এবার সেখানে তিনি মঞ্চ ভাগাভাগি করবেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী রুপম ইসলাম ও তাঁর রক ব্যান্ড ফসিলসের সদস্যদের সঙ্গে। আগেও এক মঞ্চে দেখা মিলেছে জেমস ও রুপম ইসলামের। সেসব আয়োজনে গানে গানে অগণিত দর্শক-শ্রোতা হৃদয়ে ঝড় তুলতেও দেখা গেছে তাদের। তাই বাংলাদেশ ও ভারতের এই দুই রকস্টারকে নিয়ে অস্ট্রেলিয়ায় আয়োজিত ‘লাইভ ইন সিডনি’ কনসার্ট নিয়ে এরই মধ্যে সংগীতপ্রেমীদের মধ্যে কৌতূহল শুরু হয়ে গেছে।