দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের গল্প নিয়ে অস্ট্রেলিয়ার চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘টু-লেট’
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬ | ১৭:২০
অস্ট্রেলিয়ার ‘ফোকাস অন এবিলিটি শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬’-এ প্রথমবারের মতো বাংলাদেশের কোনো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা করছে। যোবায়ের শাওনের নির্মিত ‘টু-লেট’ চলচ্চিত্রটি এবারের উৎসবের আন্তর্জাতিক বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছে।
২০০৯ সাল থেকে আয়োজিত হয়ে আসছে ফোকাস অন এবিলিটি শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। চলচ্চিত্রের মাধ্যমে প্রতিবন্ধী মানুষকে ঘিরে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং তাদের সক্ষমতা ও সম্ভাবনার গল্প তুলে ধরাই এই উৎসবের অন্যতম উদ্দেশ্য।
শব্দায়নের প্রযোজনায় নির্মিত ‘টু-লেট’ চলচ্চিত্রে শূন্যতার অনুভূতি তৈরির একটি পরীক্ষামূলক প্রয়াস রয়েছে। প্রচলিত দৃশ্যমানতার ধারণাকে চ্যালেঞ্জ করার পাশাপাশি একজন দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের প্রত্যাশা ও তাকে ঘিরে সমাজের দৃষ্টিভঙ্গির বাস্তবতা তুলে ধরা হয়েছে চলচ্চিত্রটিতে।
‘টু-লেট’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ভাস্কর ভট্টাচার্য। তিনি নিজেও দৃষ্টিপ্রতিবন্ধকতা নিয়ে বেড়ে উঠেছেন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন হায়াতুজ্জামান খান, বিত্তা তাসকিয়া, তাহজিল হাসান ও সেতারা পারভীনসহ আরও অনেকে।
এবারের উৎসবে ‘টু-লেট’ দুটি পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে। এর একটি হলো বিচারকদের পছন্দের ‘জাজেস চয়েস- ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম’। অন্যটি দর্শকদের অনলাইন ভোটের ভিত্তিতে দেওয়া ‘মোস্ট অনলাইন ভোটস- ইন্টারন্যাশনাল’ পুরস্কার।
ফেস্টিভ্যালের ওয়েবসাইটে ১৪ থেকে ২১ আগস্ট পর্যন্ত বিশ্বের যেকোনো প্রান্ত থেকে চলচ্চিত্রটি দেখা ও ভোট দেওয়া যাবে। ভোট দিতে প্রথমে ওয়েবসাইটে গিয়ে ‘To-Let’ চলচ্চিত্রটি দেখতে হবে। এরপর ‘Vote for this Film’ অপশনে ক্লিক করে First Name, Last Name ও Email Address দিতে হবে। চাইলে Country হিসেবে Bangladesh নির্বাচন করা যাবে।
তথ্য জমা দেওয়ার পর ই-মেইলে ফোকাস অন এবিলিটি থেকে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। ওই কোড ব্যবহার করে ভোট নিশ্চিত করতে হবে।
চলচ্চিত্রটি দেখা ও ভোট দেওয়া যাবে ফোকাস অন এবিলিটি ফেস্টিভ্যালের ওয়েবসাইটে।
- বিষয় :
- চলচ্চিত্র
- শর্টফিল্ম
- বাংলাদেশ
- অস্ট্রেলিয়া