ফের শাকিবের বিপরীতে ইধিকা
ইধিকা পাল ও শাকিব খান। সংগৃহীত
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬ | ১৩:৪১ | আপডেট: ১৫ আগস্ট ২০২৬ | ১৩:৪৪
শাকিব খান ও ইধিকা পাল পর্দায় এই জুটির রসায়ন দর্শকের কাছে ইতোমধ্যেই বেশ জনপ্রিয়। ‘প্রিয়তমা’ দিয়ে শুরু, এরপর ‘বরবাদ’। এবার তৃতীয়বারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে এই জুটিকে।
মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমা ‘নিঃস্ব’-তে শাকিব খানের বিপরীতে ইধিকা পালকে চূড়ান্ত করা হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। যদিও নির্মাতা এখনও আনুষ্ঠানিকভাবে নায়িকার নাম ঘোষণা করেননি।
সংশ্লিষ্টদের ভাষ্য, আনুষ্ঠানিক ঘোষণা আসবে এনাউন্সমেন্ট ভিডিওর মাধ্যমে। এর আগে ‘নিঃস্ব’-এর নায়িকা হিসেবে ইধিকা পালের নাম নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। এমনকি সামাজিক মাধ্যমে সাবিলা নূরের নামও আলোচনায় আসে।

তবে সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, শেষ পর্যন্ত ইধিকাকেই শাকিবের বিপরীতে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরের শেষ সপ্তাহে শাকিব খান ও ইধিকা পালকে নিয়ে ‘নিঃস্ব’-এর শুটিং শুরু হবে। সিনেমাটি নির্মিত হবে রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে।
২০২৩ সালে ‘প্রিয়তমা’ দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেকের পর প্রথম ছবিতেই দুই বাংলার দর্শকের নজর কাড়েন তিনি। এরপর ‘বরবাদ’-এ আবারও শাকিবের সঙ্গে জুটি বাঁধেন।
এদিকে পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখার্জির নতুন সিনেমা ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’-এ অভিনয় করছেন ইধিকা। এতে বিশেষ একটি বিশেষ চরিত্রের জন্য রীতিমতো ক্রিকেট শেখার প্রশিক্ষণ নিচ্ছেন ইধিকা।

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমার প্রিয় ক্রিকেটার ধোনি। আর আমি কী কী শিখেছি, সেটা দর্শক পর্দাতেই দেখতে পাবেন। আমি খুবই নার্ভাস। আসলে এই সিনেমাটা নিয়ে একটা আলাদা চাপ কাজ করছে। সৃজিতদা আমার কোচ।’
এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো সৃজিত মুখার্জির পরিচালনায় কাজ করছেন ইধিকা। শুধু তাই নয়, সাসপেন্স-থ্রিলার ঘরানার কোনো সিনেমাতেও এটিই তার প্রথম অভিনয়।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি থ্রিলার খুব পছন্দ করি। তার মধ্যে আবার এটি একটি পিরিয়ডিক্যাল সিনেমা। এমন একটি সিনেমায় কাজের সুযোগ, তার ওপর পরিচালক সৃজিত—সব মিলিয়ে এটি আমার জন্য সত্যিই বিশেষ অভিজ্ঞতা।’