আশা ভোঁসলে স্মরণে এ আর রহমানের উদ্যোগ, থাকছেন শাহরুখও
শাহরুখ খান, আশা ভোঁসলে ও এ আর রহমান। ছবি: কোলাজ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬ | ১৯:৩২ | আপডেট: ১৭ আগস্ট ২০২৬ | ২১:০০
ভারতের প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে স্মরণ করে বিশেষ উদ্যোগ নিয়েছেন সংগীত পরিচালক এ আর রহমান। গায়িকার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ‘আশা ফরএভার’ নামে একটি মিউজিক ভিডিও তৈরি করছেন তিনি। এতে এ আর রহমানের পাশাপাশি একাধিক শিল্পীর কণ্ঠ থাকছে। ভিডিওটিতে বিশেষ চমক হিসেবে যোগ দিচ্ছেন বলিউড তারকা শাহরুখ খান।
রোববার সামাজিক মাধ্যমে বিষয়টি জানিয়েছেন এ আর রহমান। তিনি জানান, ‘আশা ফরএভার’ মিউজিক ভিডিওতে অংশ নিতে সম্মতি দিয়েছেন শাহরুখ।
অভিনেতাকে ধন্যবাদ জানিয়ে রহমান লিখেছেন, ‘আশা ভোঁসলে জির প্রতি শ্রদ্ধার এই মিউজিক ভিডিওতে যোগ দিতে সম্মত হয়েছেন প্রিয় শাহরুখ খান। তাকে আন্তরিক ধন্যবাদ।’
ভিডিওটি কবে প্রকাশিত হবে, তা এখনো জানা যায়নি। তবে শিগগিরই এটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন রহমান।
A heartfelt thank you to dear @IamSrk for graciously agreeing to be part of Asha Bhosle ji’s tribute music video. #ComingSoon #AshaForever
— A.R.Rahman (@arrahman) August 16, 2026
আশা ভোঁসলে জীবিত থাকতে এই প্রকল্পের পরিকল্পনা করেছিলেন এ আর রহমান। তার ইচ্ছা ছিল, কাজটি আশাকে উপহার হিসেবে দেবেন। তবে গায়িকার মৃত্যুর পর সেই পরিকল্পনাই এবার তাঁকে উৎসর্গ করা শ্রদ্ধার্ঘ্যে রূপ নিয়েছে।
সম্প্রতি এই গানের একটি ঝলকও প্রকাশ করেছেন রহমান। তার ভাষ্য, বিভিন্ন শিল্পী, সংগীতের ধারা ও সুরকে একত্র করে আশা ভোঁসলের জীবন ও সংগীতকে উদ্যাপন করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। গানে রহমানের নিজের কণ্ঠের পাশাপাশি আরও কয়েকজন শিল্পীর কণ্ঠ থাকবে। সেই তালিকায় প্রয়াত আশা ভোঁসলের কণ্ঠও থাকছে।
আশা ভোঁসলে ও শাহরুখ খানের সম্পর্কও ছিল বিশেষ। গায়িকার মৃত্যুর পর আবেগঘন বার্তায় তাকে স্মরণ করেছিলেন শাহরুখ। কিংবদন্তি এই শিল্পীর কণ্ঠ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে বলেও জানিয়েছিলেন তিনি। একই সঙ্গে আশার কাছ থেকে পাওয়া ভালোবাসা ও আশীর্বাদের কথাও স্মরণ করেছিলেন অভিনেতা।
এবার সেই শ্রদ্ধা ও ভালোবাসারই নতুন প্রকাশ ঘটতে যাচ্ছে ‘আশা ফরএভার’-এ। এ আর রহমানের সুর ও আয়োজনে কিংবদন্তি গায়িকাকে স্মরণ করবেন একাধিক শিল্পী। তাঁদের সঙ্গে থাকবেন শাহরুখ খানও। সূত্র: এনডিটিভি
- বিষয় :
- শাহরুখ খান
- আশা ভোঁসলে
- এ আর রহমান