বক্স অফিসে ঝড় তুলেছে ‘আওয়ারাপান ২’
ইমরান হাশমি ও দিশা পাটানি। ছবি: ইন্সটাগ্রাম
আনন্দ প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬ | ১৩:৫৩
বলিউডের বক্স অফিসে দুর্দান্ত দাপট দেখাচ্ছে ইমরান হাশমির ‘আওয়ারাপান ২’ সিনেমাটি। ২০২৬ সালে ‘ধুরন্ধর ২’ এবং ‘বর্ডার ২’-এর পর তৃতীয় সর্বোচ্চ ওপেনিং উইকএন্ডের দিকে এগোচ্ছে এটি। ট্রেড ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মাত্র তিন দিনে ছবিটি ভারতে ৮১.৭৫ কোটি রুপি নেট এবং ৯৮.১০ কোটি রুপি গ্রস আয় করেছে।
গত রোববার ভারতে ৯,৪০৩টি শো থেকে ২৬ কোটি রুপি আয় করেছে এটি । বিশ্বব্যাপী ওই দিন ছবিটির আয় ছিল প্রায় চার কোটি রুপি। এর ফলে আন্তর্জাতিক বাজারসহ মোট আয় দাঁড়িয়েছে ১২ কোটি রুপি গ্রস। সব মিলিয়ে ছবিটির বিশ্বব্যাপী মোট গ্রস আয় এখন ১১০.১০ কোটি রুপি। প্রথম দিনে ছবিটি ৯,০৩৩টি শো থেকে ২২ কোটি রুপি আয় করে।
গত শনিবার, অর্থাৎ, স্বাধীনতা দিবসে, ১০,৪৯৬টি শো থেকে আয় করে ৩৩.৭৫ কোটি রুপি। ‘আওয়ারাপান ২’ মুক্তির প্রথম দিনেই ২০০৭ সালের মূল ছবি ‘আওয়ারাপান’ এর পুরো লাইফটাইম কালেকশন (৭.৭৫ কোটি রুপি নেট) ছাড়িয়ে যায়। এরপর শনিবারের মধ্যেই ছবিটি ইমরান হাশমির বেশ কয়েকটি সফল সিনেমার লাইফটাইম কালেকশনও পেরিয়ে যায়।
এর মধ্যে রয়েছে: ‘হক’, ‘রাজ ২’ ও ‘জান্নাত’। ফলে ‘আওয়ারাপান ২’এখন ইমরান হাশমির একক অভিনেতা হিসেবে সর্বোচ্চ আয়কারী সিনেমা হওয়ার পথে। নিতিন কক্কর পরিচালিত এবং বিশাল ভাটের প্রযোজনায় তৈরি ‘আওয়ারাপন ২’ হলো ২০০৭ সালের ‘আওয়ারাপান ’এর সিক্যুয়েল।
এ ছবিতে ইমরান হাশমির সঙ্গে রয়েছেন দিশা পাটানি। এ ছাড়াও সিনেমায় অভিনয় করেছেন শাবানা আজমি, পুরন গাব্বি, অনিরুদ্ধ রাওয়াল, সুভিন্দর ভিকি, বিজয়ন্ত কোহলি, অতুল কুমার প্রমুখ।
ভারতের স্বাধীনতা দিবসে ইমরান হাশমির ‘আওয়ারাপান ২’ এর সঙ্গে বক্স অফিসে মুখোমুখি হয়েছিল সানি দেওলের ‘বাঁটওয়ারা ১৯৪৭’। এটি ব্যবসায়িক সাফল্য দেখাতে পারেনি।
- বিষয় :
- ইমরান হাশমি
- দিশা পাটানি