ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

সত্যিই কি মাথা ন্যাড়া করেছেন নয়নতারা, জানা গেল আসল ঘটনা

সত্যিই কি মাথা ন্যাড়া করেছেন নয়নতারা, জানা গেল আসল ঘটনা
×

নয়নতারা

আনন্দ প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ | ১৩:৩৯ | আপডেট: ১৯ আগস্ট ২০২৬ | ১৩:৪৬

‘চরিত্র যেমনই হোক, পর্দায় তা বাস্তব করে তুলে ধরা চাই’ এই ভাবনা নিয়ে চলচ্চিত্র জগতে পথচলা নয়নতারার। অনবদ্য অভিনয়ের মধ্যে পেয়েছেন ‘লেডি সুপারস্টার’ খেতাব। নানা রকম চরিত্রে মিশে গিয়ে তা বাস্তব করে তুলেছেন দর্শকের সামনে। সেই সুবাদে দক্ষিণ ভারতের দর্শক হৃদয় যেমন জয় করেছেন, তেমনি নজর করেছেন বলিউড সিনে নির্মাতাদের। তাই যে কোনো গল্প ও চরিত্রে অভিনয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন নয়নতারা। কিন্তু হঠাৎ করেই কথা রটেছে, নয়নতারা যত বড় অভিনেত্রী হোন না কেন, সিনেমা মুক্তির আগে খানিকটা ভয়ে থাকেন। আর সেই ভয় তাঁর সিনেমার সাফল্য পাওয়া, না পাওয়াকে ঘিরে।

‘টক্সিক’ মুক্তির আগেও এই সিনেমার সাফল্য নিয়ে চিন্তিত অভিনেত্রী। তাই সিনেমার সাফল্যের জন্য মন্দিরে গিয়ে যেমন পূজা দিচ্ছেন, তেমনি দেব-দেবীর সন্তুষ্টির জন্য নিজের দীঘল কালো চুল বিসর্জন দিতেও কুণ্ঠা বোধ করেননি। চুল ফেলে ন্যাড়া মাথায় সিনেমার প্রচারণাও অংশ নিচ্ছেন নন্দিত এই অভিনেত্রী।

এমন খবর ছড়িয়ে পড়ায় বিস্মিত হয়েছেন অনেকে। কারণ এমন কাজ করতে নয়নতারাকে আগে কখনও দেখা যায়নি। তাই অনেকের মনে প্রশ্ন সত্যি কী নয়নতারা ‘টক্সিক’র সাফল্য কামনায় নিজের চুল বিসর্জন দিয়েছেন? নাকি এ কেবলই গুঞ্জব?

নেটিজেনদের মনে যখন এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তখনও উন্মোচিত হলো আসল সত্য। জানা গেল, বিষয়টি মোটেও সত্যি নয়, প্রযুক্তির কারসাজিতে কে বা কারা এমন কাণ্ড ঘটিয়েছে।

আজকালসহ ভারতের একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে, শিগগিরই মুক্তি পেতে চলেছে ‘টক্সিক’। এই সিনেমায় ইয়াশের বিপরীতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী নয়নতারাকে। সিনেমার পুরো টিম আঁটঘাট বেধে প্রচারে নেমেছেন। আর তারই মাঝে সিনেমার সাফল্য কামনায় ন্যাড়া হয়েছেন নয়নতারা, এমন গুজব রটতে শুরু করেছে। আর সেই গুঞ্জব জোরালো হয়ে উঠেছে অভিনেত্রীর ন্যাড়া মাথার বেশি কিছু ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ায়; যা রীতিমতো ভাইরাল হয়ে গেছে।

সম্প্রতি একাধিক ভিডিও এবং ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে নয়নতারা তিরুমালা মন্দিরে পূজো দিতে গিয়েছেন। আর পূজো দিয়ে ন্যাড়া হন। সিনেমার সাফল্য কামনায় নাকি তিনি চুল দান করেছেন। আর এই ছবি, ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কিন্তু তিনি কি সত্যিই ন্যাড়া হয়েছেন, তাও সিনেমা বক্স অফিসে হিট করবে এই প্রার্থনা করে? না। মোটেই এমন কিছু ঘটেনি। মোটেই নয়নতারা ন্যাড়া হননি, চুল দান করেননি তিরুমালা মন্দিরে। তাহলে? যে ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে সবটাই এডিট করা, এআই দিয়ে বানানো, সত্যি নয়।

এদিন নয়নতারার তিরুমালা দর্শনের যে ছবি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে তাঁর পরনে সাদা চুড়িদার, সবুজ ওড়না। হালকা সাজ, গহনা। আর মাথা ন্যাড়া। তবে ছবিগুলো একটু ভালো করে লক্ষ্য করলেই বোঝা যাচ্ছে সেগুলো আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে বানানো। সত্যি নয়। বিশেষ করে তাঁর মাথাটা অদ্ভুত রকমের হলদে রঙের লাগছে।

নয়নতারার তিরুমালা দর্শনের যে ছবিগুলো নতুন করে ভাইরাল হয়েছে সেটা এখনের নয়। তিনি ‘টক্সিক’ সিনেমার সাফল্য কামনায় পূজো দিতে যাননি। বরং চলতি বছরের এপ্রিল মাসে তিনি পুরো পরিবার নিয়ে এই মন্দিরে গিয়েছিলেন পূজো দিতে। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন তাঁর স্বামী বিগ্নেশ শিবান।

সেই সময় তিনি যে পোশাক পরেছিলেন বা গহনা পড়েছিলেন তাঁর সঙ্গে সম্প্রতি ভাইরাল হওয়া ছবির হুবহু মিল। ফলে অভিনেত্রীর পুরনোকে এডিট করে যে সেগুলো এখন পোস্ট করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন

×